আগামী ১৩, ১৪ জানুয়ারি থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যথাক্রমে সাফ নারী ও পুরুষ ফুটসাল চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে। এতে উভয় বিভাগেই অংশ নিবে বাংলাদেশ দল। প্রথমবার হতে যাওয়া সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে ১৬ সদস্যের নারী ও পুরুষ দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাতে সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুনকে অধিনায়কের আর্মব্যান্ড দেয়া হয়েছে। পুরুষ বিভাগে কানাডা প্রবাসী রাহবার খানের হাতেই রয়েছে বাংলাদেশের আর্মব্যান্ড। সাবিনায় আস্থা ও নতুন নয় বাংলাদেশ নারী ফুটসাল দল ২০১৮ সালে এশিয়ান কাপ ফুটসাল বাছাই টুর্নামেন্ট খেলেছিল। ওই টুর্নামেন্টেও বাংলাদেশ সাবিনার অধিনায়কত্বে খেলেছে। ৭ বছর পর আবার নারী ফুটসাল দল আন্তর্জাতিক অঙ্গনে ফিরছে।

এবারও অধিনায়কের দায়িত্বে সাবিনা। ফুটবলে ইংলিশ কোচ পিটার বাটলারের বিপক্ষে বিদ্রোহ করে বাদ পড়া ডিফেন্ডার মাসুরা পারভীন এবং দুই ফরোয়ার্ড কৃষ্ণারানী সরকার ও সুমাইয়া মাতসুশিমাও ফুটসাল দলে জায়গা পেয়েছেন। এছাড়া দীর্ঘদিন পর ফুটবল থেকে দূরে থাকা মিশরাত জাহান মৌসুমী আছেন দলটিতে। সুমাইয়া, মাসুরা এবং কৃষ্ণাকে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থসহ অধিনায়ক করা হয়েছে। মেয়েদের দলেরও দায়িত্বে থাকছেন ইরানি কোচ সাঈদ খোদারাহমি।তার সহযোগী হিসেবে থাকছেন আরো দুজন ইরানি নারী কোচ।

এদিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নিরপেক্ষ ভেন্যু হিসেবে প্রথমবার আয়োজিত হতে যাচ্ছে মেয়েদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ। ২০২৬ সালের ১৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ব্যাংককে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। ছেলেদের মতো মেয়েদের আসরেও সাফভুক্ত সাতটি দেশ অংশগ্রহণ করছে। বাংলাদেশ ছাড়া নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাওয়া ৭টি দেশ হল-ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। এরপর ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং সর্বশেষ মালদ্বীপের বিপক্ষে খেলবে সাবিনারা। অপরদিকে পুরুষ দল গঠনে তেমন চমক নেই।

ইন্দোনেশিয়ায় এশিয়ান ফুটসাল বাছাইয়ে অধিনায়কত্ব করা কানাডা প্রবাসী রাহবার খানের হাতেই রয়েছে বাংলাদেশের আর্মব্যান্ড। ওই টুর্নামেন্টের স্কোয়াডে থাকা অনেকেই রয়েছেন সাফ টুর্নামেন্টে। নতুন মুখগুলোর মধ্যে অন্যতম ইংল্যান্ডের প্রবাসী ফুটবলার ইমান আলম। প্রথমবার সাতটি দেশ নিয়ে আয়োজিত হতে যাচ্ছে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ। ২০২৬ সালে পুরুষ বিভাগের খেলা ১৪ জানুয়ারি-২৬ জানুয়ারি ব্যাংককে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ছাড়াও খেলবে ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। আসরে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে।

বাংলাদেশ পুরুষ ফুটসাল দল : মো. রাহবার ওয়াহেদ খান (অধিনায়ক), ইনতিসার মোস্তফা চৌধুরী, মো. তুহিন, কাজী ইব্রাহিম আহমেদ, মো. রাশেদুল ইসলাম, মো. মঈন আহমেদ, তাজওয়ার বিন কাশেম, ফয়সাল আহমেদ, ইমান মো. আলম, ফয়সাল হোসেন, ফায়েদ আজিম, মো. আবির হোসেন, রায়ান মাহবুব চৌধুরী, মো. জাহিদ হাসান রাব্বি, মো. জান্নাতুল নাঈম পারভেজ এবং তান্নুভ মাহাতাব।

বাংলাদেশ জাতীয় নারী ফুটসাল দল : সাবিনা খাতুন (অধিনায়ক), সুমাইয়া মাতসুশিমা, মাসুরা পারভীন, কৃষ্ণারানী সরকার, লিপি আক্তার, মেহেনুর আক্তার, নওশন জাহান, নিলুফা ইয়াসমিন নিলা, মারজিয়া, রাত্রি মনি, সুমি খাতুন, মিশরাত জাহান মৌসুমি, ইতি রানী, সাথী বিশ্বাস, স্বপ্না আক্তার জিলি।