প্রথমবারের মত সাফ নারী ফুটসালে শিরোপা জিতে দেশে ফেরা দলটিকে রাজধানীর হাতিরঝিলে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার সন্ধ্যায় সাবিনারা ফিরলে ফুলের শুভেচ্ছা শেষে বিমানবন্দর থেকে মেয়েদের ছাদখোলা বাসে রাজধানী ঘুরিয়ে হাতিরঝিলে নেয়া হয়। সেখানে সংবর্ধনা পেয়েছেন সাবিনা খাতুন-মাসুরা পারভীনরা। পাশাপাশি সেখানে অর্থ পুরস্কারের আশ্বাস দিয়েছে বাফুফে। হাতিরঝিলে সংবর্ধনাস্থলে সাংবাদিকদের প্রশ্নে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, ‘মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে। তাদের জন্য বোনাস থাকবে। কত থাকবে তা বলছি না। কমিটির সঙ্গে কথা বলে নির্ধারণ করা হবে। তবে বোনাস থাকবে।’ এর আগে হাতিরঝিলে সর্বশেষ বাফুফে সভাপতির কথার বড় অংশজুড়ে ছিলেন দুটি নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ের পর ফুটসালের প্রথম ট্রফি জয়ী অধিনায়ক সাবিনা খাতুন।
সাবিনাদের অভিনন্দন জানিয়ে তাবিথ আউয়াল বলেছেন, ‘কেবল সাফ ফুটসালের প্রথম আসরের চ্যাম্পিয়ন হওয়ার জন্য নয়, আমাদের আরও একটা ট্রফি এনে দেওয়ার জন্য ফুটসাল দলকে অভিনন্দন। আমি অভিনন্দন জানাতে চাই আমাদের অধিনায়ক সাবিনাকে। যেটা আমি আগেও বলেছিলাম, সাবিনা হবে আমাদের প্রথম অ্যাথলেট, সেটা পুরুষ হোক, মহিলা হোক যে আমাদের দুইটা ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দেবে। আমি জানি না, এই রেকর্ড কে ভঙ্গ করবে। তবে, যুগ যুগ ধরে আমাদের সাবিনার নাম নিতে হবে। ধন্যবাদ ও অভিনন্দন সাবিনাকে।’
এরপরই তিনি যোগ করেন, ‘আজ থেকে আপনারা কিন্তু ভবিষ্যৎ খেলোয়াড়দের অনুপ্রাণিত করছেন। অভিনন্দন; যারা এই সাফল্যের নেপথ্যে ছিলেন। কোচও বলেছেন, ফুটসাল আমাদের মাত্র তিন মাস আগে শুরু হয়েছে। আমরা (একদিন) কথা বলছিলাম ইমরান ও হেড কোচের সঙ্গে। ফুটসালে ছেলেদের পাঠাচ্ছি, মেয়েদের কেন পাঠাচ্ছি না। তখন কোচ আমাকে বললেন, আমাকে দুজন ইরানি নারী কোচ দেন, তারা তৈরি আছে।’
সবাইকে ধন্যবাদ জানিয়ে তাবিথ আউয়াল বলেছেন, ‘কিছুদিন আগে আমি স্যার উইলসন স্কুলে ছিলাম, যেখানে আমার সঙ্গে সুমাইয়াও ছিল একটা প্রোগ্রামে, আমি ওর সঙ্গে কথা বললাম, আমরা সাফ ফুটসালে খেলবো কী খেলবো না, এ নিয়ে। ও বললো, আমাদের সুযোগ দেন, আমরা খেলবো, আমরা জিতবো। সুমাইয়া, ইমরান, হেড কোচের কথার কারণে আমি বললাম ঠিক আছে, চেষ্টা করা যাক। একটা দল হয়ে ওঠার জন্য ধন্যবাদ, চ্যাম্পিয়ন হওয়ার জন্য ধন্যবাদ।’