এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলের বাছাই পর্বের খেলা শুরু হচ্ছে আজ বুধবার। প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড। ব্যাংককের থাম্মাস্যাট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় হতে যাওয়া ম্যাচে নিজেদের সেরাটা দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আফঈদা খন্দকাররা। এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সরাসরি মূল পর্বে জায়গা করে নেবে। পাশাপাশি তিন গ্রুপের সেরা তৃতীয় হওয়া দুই দলও পাবে পরবর্তী পর্বে খেলার সুযোগ। বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানান, সাম্প্রতিক সিনিয়রদের এশিয়ান কাপ শেষ করেই দলটি এই টুর্নামেন্টে অংশ নিতে এসেছে। তার মতে, দলে থাকা অনেক তরুণ খেলোয়াড়ের জন্য এটি প্রথম আন্তর্জাতিক অভিজ্ঞতা, ‘আমরা এইমাত্র সিনিয়র এশিয়ান কাপ শেষ করে এখানে এসেছি। আমাদের সাথে অনেক তরুণ খেলোয়াড় এসেছে যাদের জন্য এটি প্রথম অভিজ্ঞতা। এখানে আসতে পারাটা তাদের জন্য অনেক বড় অর্জন এবং আমি আশা করি এটি মেয়েদের জন্য একটি চমৎকার শিক্ষামূলক অভিজ্ঞতা হবে এবং তারা এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট থেকে কিছু শিখতে পারবে।’ বর্তমান দলে জুনিয়র ও সিনিয়র খেলোয়াড়দের সমন্বয় রয়েছে বলেও জানান বাটলার। তার ভাষায়, ‘আমি অনূর্ধ্ব-২০ দলের ১০ থেকে ১২ জন তরুণ খেলোয়াড়কে সিনিয়র এশিয়ান কাপে নিয়েছিলাম কারণ, তারা জাতীয় দলের কার্যক্রমের সঙ্গেই ছিল। আমরা কিছু ম্যাচে হেরেছি ঠিকই, তবে এই যাত্রায় অনেক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় উঠে এসেছে।’ থাইল্যান্ডের ভেন্যু ও পরিবেশ নিয়েও সন্তুষ্ট এই ইংলিশ কোচ।
তিনি বলেছেন, ‘আমি সবসময় এই তরুণীদের নিজেদের সেরাটা দেয়ার এবং অকৃত্রিম থাকার ওপর জোর দিয়েছি। এখানে থাইল্যান্ডে ভালো মানের পিচ, প্রশিক্ষণের সুব্যবস্থা এবং খেলার দারুণ পরিবেশ রয়েছে। তাদের ফুটবলের একটি সমৃদ্ধ ইতিহাস আছে এবং তারা নারী দলের প্রতি খুবই সমর্থনশীল। আমি চাই বাংলাদেশও তাদের নারী ফুটবল দলের প্রতি আরও বেশি সহায়ক হোক এবং এর ওপর আরও গুরুত্ব দিক, কারণ এখানে সম্ভাবনা বিশাল। আর দিনশেষে, এটি মূলত সংখ্যারই খেলা।’ নিজেদের সামর্থ্য প্রমাণে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়ে বাটলার আরও বলেছেন, ‘মেয়েরা নিজেদের সামর্থ্যরে প্রমাণ দেবে এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলবে। আমার মনে হয় সিনিয়রদের জাতীয় টুর্নামেন্টে তারা যে পারফরম্যান্স দেখিয়েছে, তা আমাদের ভালো অবস্থানে রাখবে। আশা করি ফলাফলের কথা চিন্তা না করে আমরা কিছু ইতিবাচক পারফরম্যান্স দেখতে পাবো।’ গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৪ এপ্রিল চীনের বিপক্ষে এবং ৭ এপ্রিল ভিয়েতনামের বিপক্ষে অনুষ্ঠিত হবে।