বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে পানামাকে গোল বন্যায় ভাসিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে ব্রাজিল। নিজেদের ঘরের মাঠে ৬-২ ব্যবধানে বিশাল জয় পেয়েছে সেলেসাওরা। সোমবার রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে পানামাকে চাপে রাখে ব্রাজিল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ম্যাচের ১৪ মিনিটে আত্মঘাতী গোলে অপ্রত্যাশিত ধাক্কা খায় স্বাগতিকরা। পানামার মাইকেল মুরিলোর ফ্রি-কিক ব্রাজিলের মাথিউস কুনহার গায়ে লেগে জালে জড়ালে ১-১ গোলে সমতা ফেরে পানামা। তবে ধাক্কা সামলে ক্যাসেমিরোর গোলে ৩৯ মিনিটে ২-১ ব্যবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল।
বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা মাঠে ফিরলে পানামার রক্ষণভাগকে পাত্তাই দেয়নি ব্রাজিল। রক্ষণের ভুলের সুযোগকে কাজে লাগিয়ে ৫৩ মিনিটে গোল করেন তরুণ ফরোয়ার্ড রায়ান। এরপর লুকাস পাকেতার একটি শট পানামার কর্দোবার গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। খেলার ৬৩ মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলের পঞ্চম গোলটি করেন ইগর থিয়াগো। এরপর ডিফেন্ডার দানিলো প্রতিপক্ষের ডি-বক্সে চমৎকার টার্ন নিয়ে নিখুঁত ফিনিশিংয়ে দলের ষষ্ঠ গোলটি করেন। পুরো ম্যাচে চাপে থাকা পানামা ম্যাচের শেষদিকে একটি গোল শোধ দেয়। হার্ভের দুর্দান্ত দূরপাল্লার শটে নিজেদের দ্বিতীয় গোলের দেখা পায় তারা। তবে ম্যাচজুড়ে ব্রাজিলের পাসিং ও নিখুঁত ফিনিশিংয়ের সামনে কার্যত অসহায় ছিল পানামা। বড় জয়ের পর আগামী ৭ জুন মোহাম্মদ সালাহর মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। এরপরই শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন। ১৪ জুন ‘সি’ গ্রুপে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সেলেসাওরা। এরপর ২০ জুন দ্বিতীয় ম্যাচে হাইতি এবং ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা।