আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় মাঠে গড়াবে ফিফা ফুটবল বিশ্বকাপ। প্রথমবারের মতো এই বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নেবে ৪৮ দল। 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত এই আসরে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার জাম্বিয়ার বিপক্ষে ৫-০ গোলের দাপুটে জয় দিয়ে মার্চের আন্তর্জাতিক বিরতি শেষ করেছে আর্জেন্টিনা। বুয়েনস এইরেসের লা বম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের আগে একই ভেন্যুতেই মৌরিতানিয়াকে ২-১ ব্যবধানে হারায় লা আলবিসেলেস্তেরা। এই দুই ম্যাচেই আলোচনায় ছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। জাম্বিয়ার বিপক্ষে একটি দারুণ গোল করলেও, ম্যাচ দুটির পর তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।