আগামী ৯ মার্চ এশিয়ান কাপ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। অস্ট্রেলিয়ার সিডনি শহরে ইতিমধ্যে দুটি ম্যাচ খেললেও তৃতীয় ম্যাচটি খেলতে হচ্ছে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের শহর পার্থে। সিডনি থেকে যার বিমানে দূরত্ব চার ঘণ্টারও বেশি। সেই ভেন্যুতে খেলতে শনিবার বিকেলেই পৌঁছে যায় ঋতুপর্ণা চাকমারা।পার্থে বাংলাদেশ দল রাতের সেশেনে অনুশীলন করার কথা রয়েছে পিটার বাটলারের দলের। এদিকে এশিয়ান কাপ কোয়ার্টার ফাইনালে খেলতে হলে বাংলাদেশকে নিশ্চিতভাবে উজবেকিস্তানকে হারাতে হবে। পাশাপাশি দৃষ্টি রাখতে হবে অন্য দুটি গ্রুপের দিকেও। এই টুর্নামেন্টে তিন গ্রুপ থেকে তৃতীয় স্থান পাওয়া সেরা দুই দল শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করবে। বাংলাদেশ কোচ চাইছেন পরশু আসল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে। তার শিষ্যরাও কোচের নির্দেশনা মানতে তৈরি হচ্ছেন।