বার্সেলোনার তরুণ বিস্ময় লামিনে ইয়ামাল ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে শৈশবের আদর্শ নেইমারের সঙ্গে করা এক ব্যতিক্রমী ও আলোচিত চুক্তির কথা প্রকাশ করেছেন। বিষয়টি ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে কৌতূহল ও আলোচনা তৈরি করেছে।

এক সাক্ষাৎকারে ইয়ামাল জানান, বার্সেলোনার কোপেনহেগেনের বিপক্ষে ম্যাচের আগে নেইমারের সঙ্গে তার ফেসটাইমে কথা হয়। সেই কথোপকথনের মাঝেই দুজন মিলে মজার একটি শর্তে একমত হন।

ইয়ামালের ভাষ্য অনুযায়ী, “আমি নেইমারের সঙ্গে একটি চুক্তি করেছি। যদি ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও ব্রাজিল মুখোমুখি হয়, তাহলে আমরা দু’জন একসঙ্গে ছুটিতে যাব।”

এতেই শেষ নয়। তরুণ এই উইঙ্গার আরও জানান, আসন্ন বিশ্বকাপে তিনি যদি গোল করতে পারেন, তবে গোল উদ্‌যাপনের মাধ্যমে নেইমারকে বিশেষভাবে সম্মান জানাবেন। ইঙ্গিত দিয়েছেন, সেই উদ্‌যাপন হবে নেইমারের কোনো বিখ্যাত সেলিব্রেশনের আদলে।

উল্লেখ্য, ২০২৬ ফিফা বিশ্বকাপ বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে। বর্তমান পারফরম্যান্সে স্পেনকে সম্ভাব্য শিরোপা দাবিদার হিসেবে ধরা হচ্ছে। তবে ব্রাজিল তারকা নেইমারের বিশ্বকাপে খেলা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। হাঁটুর অস্ত্রোপচারের পর তার ফিটনেসই নির্ধারণ করবে তিনি শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নিতে পারবেন কি না।