এএফসি নারী এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শুক্রবার উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। হাইভোল্টেজ এই ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৮ ঘটিকায় ম্যাচটি শুরু হবে। ইতিমধ্যে এশিয়ার বৃহত্তর এই আসরে অভিষেক হয়েছে বাংলাদেশ দলের। টুর্নামেন্টে রেকর্ড নবম ও ডিফেন্ডিং চ্যাম্পিয়র চীনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে হারলেও বাংলাদেশের লড়াকু পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। বিশেষ করে নিয়মিত গোলরক্ষক রূপনা চাকমার বদলে গোলপোস্টের নিচে দাঁড়ানো অভিষিক্ত মিলি আক্তারের চোখধাঁধানো গোলকিপিং নজর কেড়েছে সবার।

হাইভোল্টেজ এই ম্যাচের আগে বৃহস্পতিবার সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মিলির পারফরম্যান্সে মুগ্ধতার কথা জানিয়েছেন বাংলাদেশের কোচ পিটার বাটলার। এই ইংলিশ কোচ তরুণ এই গোলকিপারকে তুলনা করেছেন কিংবদন্তি মার্কিন সংগীতশিল্পী এলভিস প্রিসলির সঙ্গে! সংবাদ সম্মেলনে মিলির প্রশংসায় বাটলার বলেন, ‘গোলকিপার মিলি অনেকটা এলভিস প্রিসলির মতো, তার দারুণ একটা স্টাইল আছে। এই টুর্নামেন্টে তার চুলের স্টাইলই সেরা। আজ সকালেও আমরা এটা নিয়ে কথা বলছিলাম। সে অনেক দিন ধরেই সুযোগের অপেক্ষায় ছিল এবং সে যে আগে খেলেনি, তার একমাত্র কারণ হলো আমাদের কোনো ম্যাচ ছিল না।’ চীনের মতো পরাশক্তির বিপক্ষে অভিজ্ঞ রূপনা চাকমাকে বেঞ্চে বসিয়ে মিলিকে নামানো নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। এর আগে ২০২৪ সালে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাত্র ৬০ মিনিট খেলার অভিজ্ঞতা ছিল তার। তবে চীনের বিপক্ষে জোড়া গোল হজম করলেও অন্তত ৭-৮টি নিশ্চিত গোল বাঁচিয়ে কোচের আস্থার দারুণ প্রতিদান দিয়েছেন মিলি। বাটলার জানান, নতুনদের সুযোগ দিতেই এই সাহসী সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

প্রস্তুতির ঘাটতি নিয়ে আক্ষেপ করে তিনি বলেন, ‘চীন ম্যাচের আগে ৯০ থেকে ১০০ দিন আমাদের কোনো প্রস্তুতি ম্যাচ ছিল না, যা সত্যিই দুর্ভাগ্যজনক। মিলিকে একাদশে নেয়া নিয়ে আমাকে কোনো কৈফিয়ত দিতে হবে না। আমার মনে হয় বাংলাদেশের ফুটবলে গোলকিপিংয়ে বড় সমস্যা আছে, যা নিয়ে কাজ করা দরকার। এটা করা আমার কাজ নয়; আমি যা করতে পারি, তা হলো নতুনদের খুঁজে বের করা এবং মিলির মতো তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার সাহস দেখানো।’ মূলত ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার কারণেই চীনের বিপক্ষে একাদশে সুযোগ পেয়েছিলেন মিলি। ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়ার বিপক্ষেও গোলপোস্ট সামলাবেন তিনিই।

মিলির সামর্থ্যের ওপর পূর্ণ বিশ্বাস রেখে বাংলাদেশ কোচ এক অজানা তথ্য জানিয়ে বলেন, ‘সে এই সুযোগ পাওয়ার যোগ্য ছিল, কারণ তার উচ্চতা বেশ ভালো। কিপিংয়ের হাত ভালো এবং সে দারুণ একটা চরিত্র। সবচেয়ে বড় কথা, সে একটি সুশৃঙ্খল পরিবেশ থেকে এসেছে। কারণ, সে পেশায় একজন সৈনিক, যে বিষয়টি অনেকেই জানে না।’ গ্রুপ পর্বে চীনের পর উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচেও কোচের পরিকল্পনায় থাকতে পারেন মিলি আক্তার।