বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে শ্রীলঙ্কা। গতকাল শ্রীলঙ্কা ১০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ওমানকে। এই জয়ের পাশাপাশি দলটি বাড়িয়ে নিলো রানরেটও। ম্যাচে লঙ্কানদের সঙ্গে লড়াইটাও করতে পারেনি ওমান। পাল্লেকেলেতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২২৫ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। জবাবে ৯ উইকেটে ১২০ রানে থামে ওমানের ইনিংস। ব্যাট করতে নেমে মাত্র ১৯ বলে ফিফটি করে রেকর্ড গড়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে লঙ্কানদের হয়ে দ্রুততম ফিফটির মালিক বনে গেছেন তিনি। ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি দুই ওপেনারের কেউই। ১৩ রানে পাথুম নিশাঙ্কা ও ৮ রানে কামিল মিশারা সাজঘরের পথ ধরেন। অবশ্য পরের উইকেটে ৯৪ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিতে নেন কুশল মেন্ডিস ও পাভান রত্নায়েক। দুজনই ফিফটি পূর্ণ করেন। ৪৫ বলে ৬১ রানে কুশল ও ২৮ বলে ৬০ রানে পাভান আউট হন। এরপর ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন দলনেতা দাসুন শানাকা। মাত্র ১৯ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। তাতেই শ্রীলঙ্কার হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন। শানাকা ভেঙ্গেছেন নিজের রেকর্ডই। তিনি আউট হন ২০ বলে ৫০ রানে। এছাড়া ১৯ রানে কামিন্দু মেন্ডিস ও ৬ রানে দুনিথ ভেল্লালাগে অপরাজিত থাকেন। ফলে ২০ ওভারে ৫ উইকেটে ২২৫ রানের পুঁজি পায় লঙ্কানরা। ২২৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওমানের। শুরুতেই পড়ে ব্যাটিং বিপর্যয়ে। ৬ রানে আমির কলিম, ১ রানে জিতিন্দর সিং ও ৯ রানে হাম্মাদ মির্জা আউট হন।
এরপর ওয়াসিম আলীকে নিয়ে জুটি গড়ে দলের চাপ সামলে নেন মোহাম্মদ নাদিম। কিন্তু বড় ব্যবধানে হার এড়াতে পারেননি তিনি। ৫৬ বলে ৫৩ রান করেন নাদিম। এছাড়া ওয়াসিম ২৭, বিয়ানক ১, জিতেন শূন্য, নাদিম ২, সুফিয়ান ১, ফয়সাল ১ ও ওদেদ্রা ৪ রান করেন। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন দুশমন্থ চামিরা ও মহেশ থিকসেনা। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন তিনজন বোলার।
সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা : ২০ ওভারে ২২৫/৫ (নিসাঙ্কা ১৩, মিশারা ৮, কুসাল মেন্ডিস ৬১, রাত্নায়েকে ৬০, শানাকা ৫০, কামিন্দু মেন্ডিস ১৯*, ওয়েলালাগে ৬*; ফায়সাল ৪-০-২৮-০, ওদেদ্রা ১-০-১৪-১, ওয়াসিম ৩-০-৩৩-০, সুফিয়ান ৪-০-৬০-১, নাদিম খান ৪-০-৪০-০, জিতেন ৪-০-৪১-২)।
ওমান: ২০ ওভারে ১২০/৯ (কালিম ৬, জিতেন্দার ১, হাম্মাদ ৯, মোহাম্মাদ নাদিম ৫৩*, ওয়াসিম ২৭, ভিয়ানায়ক ১, জিতেন ০, নাদিম খান ২, সুফিয়ান ১, ফায়সাল ১, ওদেদ্রা ৪*; চামিরা ২-০-১৯-২, থিকসানা ৪-০-১১-২, পাথিরানা ৩-০-১১-০, ওয়েলালাগে ৪-০-১৭-১, শানাকা ১-০-৬-০, হেমান্থা ৪-০-৪৫-১, কামিন্দু ২-০-১০-১)।
ফল: শ্রীলঙ্কা ১০৫ রানে জয়ী।