দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার পর আগামী ৯ মার্চ দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে। দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ৬ মার্চ। নির্বাচন উপলক্ষ্যে গতকাল সোমবার বিকেলে ক্লাব প্রাঙ্গণে নির্বাচন কমিশন ও ক্লাবের এজিএমের জন্য গঠিত কমিটি যৌথভাবে সংবাদ সম্মেলন করে।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যরিস্টার রুহুল কুদ্দুস কাজল মোহামডোনের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার। তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘‘মোহামেডান ক্লাব লিমিটেড কোম্পানি। গঠনতন্ত্র মোতাবেক ২ বছর পরিচালনা পর্ষদের মেয়াদ। কমিটি মেয়াদউত্তীর্ণ হলে নির্বাচনের জন্য আদালতের কাছে প্রার্থনা করতে হয়। আদালতের সর্বশেষ রায় অনুযায়ী ১৬ মার্চের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। সেই মোতাবেক ক্লাব ৯ মার্চ নির্বাচনের দিন ধার্য করেছে।’’
মোহামেডান ক্লাবের ৩৬৮ জন স্থায়ী ও ৩ জন দাতা সদস্য ভোটার। এদের মধ্যে থেকে ১৬টি পরিচালক ও একটি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক ব্যক্তিদের মঙ্গলবার ও বুধবার মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশিনের সদস্য দিলু খন্দকার, আনোয়ারুল হকসহ অন্যান্যরা।
মোহামেডানের নির্বাচন ৯ মার্চ॥ তফসিল ঘোষণা : ঘোষিত তফসিল অনুযায়ী, ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। একই দিন দুপুর ১২টায় খসড়া তালিকা নিয়ে আপত্তি গ্রহণ, শুনানি ও নিষ্পত্তি শেষে বিকাল ৪টায় প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
২৪ ও ২৫ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি হবে। নির্বাচন বিধি অনুযায়ী পরিচালক পদের জন্য নগদ ১০,০০০ টাকা এবং সভাপতি পদের জন্য ৫০,০০০ টাকা জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। ক্লাবের আর্টিকেল অব অ্যাসোসিয়েশন অনুযায়ী কেবল দাতা ও স্থায়ী সদস্যরা (মৃত সদস্য ব্যতীত) মনোনয়নপত্র কিনতে পারবেন।
মনোনয়নপত্র দাখিল করা যাবে ১ মার্চ দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। প্রার্থী নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন জমা দিতে পারবেন। যথাস্থানে প্রার্থী, প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষর থাকতে হবে। একই দিন সন্ধ্যা ৬টায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
পরদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাছাই ও আপত্তি শুনানি শেষে বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৩ মার্চ বিকাল ৫টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। এরপর ৪ মার্চ বিকাল ৩টায় চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ মার্চ দুপুর ২টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত। স্থান নির্ধারণ করা হয়েছে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টার (২য় তলা)। বিরতিহীনভাবে গোপন ব্যালটে ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হবে।