আগামী ১ মার্চ থেকে শুরু হবে নারী এশিয়ান কাপ টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে কার্যক্রম। তার তিন দিন আগে থেকে অনুশীলন সূচি এএফসি’র তত্ত্বাবধায়নে গতকাল শুরু হয়েছে। ১ মার্চ অস্ট্রেলিয়ার পার্থে উদ্বোধনের কথা থাকলেও সিডনিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে আগেই। নিউ সাউথ ওয়েলসের পারামাট্টা এলাকা এখন আলো, সাজসজ্জা আর ফুটবল উচ্ছ্বাসে জমজমাট। আগামী ৩ মার্চ সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম ম্যাচ। এই ম্যাচকে ঘিরে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি। টুর্নামেন্ট শুরুর আগেই পুরো এলাকায় ফুটবল থিমের সাজসজ্জা চোখে পড়ছে। সন্ধ্যা নামলেই আলোকসজ্জায় ভিন্ন রূপ নিচ্ছে পারামাট্টা। পারামাট্টা নদীতে বসানো হয়েছে চার মিটার দৈর্ঘ্য ও প্রস্থের একটি বিশাল ভাসমান ফুটবল।

সিডনির জুবলি ওভাল স্টেডিয়ামের বাংলাদেশের আনুষ্ঠানিক প্র্যাকটিস ভেন্যু। সিডনিতে বাকি দিনগুলোতেও বাংলাদেশ এই ভেন্যুতে অনুশীলন করবে। বাংলাদেশের ব্রিটিশ কোচ বাটলার যথারীতি স্থানীয় সময় সকাল নয়টায় অনুশীলন করাবেন প্রতিদিন। এই ভেন্যুতে বাংলাদেশের পাশাপাশি চাইনিজ তাইপেও অনুশীলন করবে। গতকাল সিডনির জুভলি ওভালে সকাল নয়টায় অনুশীলন শুরু করেন পিটার বাটলারের শিষ্যরা। মেঘলা আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ঘণ্টা দেড়েক অনুশীলন করেন আফিদারা। অনুীশলনের পর বাংলাদেশ আনুষ্ঠানিক টিম হোটেল পার্ক রয়েলে ওঠে। অস্ট্রেলিয়াতে হোটেলে চেক ইনের সময় দুপুর দুইটা। তাই অনুশীলনের পর হোটেলে মধ্যাহ্নভোজ করে নিজ নিজ রুমে উঠে বাংলাদেশের খেলোয়াড় ও কোচিং স্টাফরা। টুর্নামেন্টের তিন দিন আগে এএফসি অংশগ্রহণকারী দেশগুলোকে নির্ধারিত টিম হোটেলে রাখে।

সিডনিতে বাংলাদেশ দলের এতদিনের আবাসস্থল ছিল ভ্যালেনটাইন স্পোর্টস পার্ক। সেখানেই অনুশীলন করছিলেন ঋতুপর্ণারা। গতকাল ভোরে ভ্যালেনটাইন স্পোর্টস পার্ক ছেড়েছে বাংলাদেশ দল। নারী এশিয়ান কাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। বর্তমান চ্যাম্পিয়ন চীন ও শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে মাঠের বাইরেও একটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে আফিদা, আলপিদের। সেটি অস্ট্রেলিয়ার পরিবর্তনশীল আবহাওয়া। সিডনিতে পৌঁছে প্রথম কয়েক দিন তীব্র গরমের মধ্যে অনুশীলন করতে হয়েছে দলকে। দেশের তুলনায় ভিন্ন পরিবেশে দুপুর ও বিকেলের কড়া রোদ ফুটবলারদের জন্য অস্বস্তিকর হয়ে ওঠে। দলীয় সূত্র জানিয়েছে, অনুশীলনের সময় উচ্চ তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। অস্ট্রেলিয়ার আবহাওয়া দ্রুত বদলে যায়। সপ্তাহের মাঝামাঝি হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে টানা বৃষ্টি শুরু হয়। ঠান্ডা হাওয়ায় তাপমাত্রাও নেমে আসে। একই শহরে কয়েক দিনের ব্যবধানে গরম থেকে শীতল ও বৃষ্টিভেজা আবহাওয়া দলটির জন্য নতুন অভিজ্ঞতা। ভালো ম্যাচ কিংবা খেলার পূর্বশর্ত ভালো মানের অনুশীলন। সেই অনুশীলনের জন্য দরকার ভালো মাঠ। স্বাগতিক অস্ট্রেলিয়া অংশগ্রহণকারী দেশগুলোকে সর্বোচ্চ মানের মাঠ দেওয়ার চেষ্টা করেছে। দলের সঙ্গে থাকা লিয়াজো অফিসারের মাধ্যমে বাংলাদেশ দল জানতে পেরেছে সিডনিতে এশিয়া কাপের জন্য নির্ধারিত চারটি অনুশীলন ভেন্যুর মধ্যে জুবলি স্টেডিয়ামই সর্বোচ্চ মানের। বাংলাদেশ দলের সহকারী কোচ মাহমুদা আক্তার অনন্যা জুবলি স্টেডিয়ামের মাঠ ও সুযোগ সুবিধা অত্যন্ত উঁচু মানের মনে করেন, ‘আমরা এখানে বেশ সুন্দর পরিবেশ ও সুযোগ-সুবিধার মধ্যে অনুশীলন করেছি।’ বাংলাদেশ সিডনিতে আসার পর গরমের কারণে অস্বস্তিতে ছিল। গতকাল থেকে বৃষ্টি ও শীতল আবহাওয়া। এ নিয়ে বাংলাদেশ দলের সহকারী কোচ বলেন, ‘আবহাওয়া নিয়ে বলতে গেলে এই রোদ এই বৃষ্টি। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে সবাই।’ বাংলাদেশ দলে হালকা চোট রয়েছে। তবে এটা নিয়ে চিন্তিত নন অনন্যা, ‘দলের সবাই ভালো আছে। হালকা ইনজুরি রয়েছে। ফিজিও আছে, রিকভারি হচ্ছে। সবাই সবার সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য প্রস্তুত।’ বাংলাদেশ দল ২০ ফেব্রুয়ারি মধ্যরাতে সিডনিতে পৌঁছানোর পর থেকে ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে অনুশীলন চালিয়ে যাচ্ছে। স্থানীয় একটি ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার পর একদিন হালকা রিকভারি সেশন হিসেবে সুইমিং করেছে ফুটবলাররা। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের কারণে খেলোয়াড়দের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন দলের চিকিৎসক।