এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে সাগরিকার জোড়া গোলেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। বুধবার থাইল্যান্ডের থাম্মাসাত স্টেডিয়ামে স্বাগতিকদের কাছে ৩-২ গোলে হেরেছে আফাঈদা খন্দকারের দল। মোসাম্মত সাগরিকার জোড়া গোলে এগিয়ে থাকার পর থাইল্যান্ডের পক্ষে একটি করে গোল করেন কুরিসারা লিম্পাওয়ানিচ, রিনিয়াফাত ও পিচায়াতিদা মানোওয়াঙ্গ। এদিন ম্যাচের ৩৬ মিনিটে মমিতা খাতুনের থ্রো পাস ধরে ডি বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে গোল করে বাংলাদেশকে লিড এনে দেন মোসাম্মত সাগরিকা। বিরতির পর ৫০ মিনিটে দ্বিতীয় গোলটি করে বাংলাদেশ। এবারের গোলটিও সাগরিকার, তাকে অ্যাসিস্ট করেন উমেলা মারমা। তবে জোড়া গোলে এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ৬৮ মিনিটে ডি-বক্সে সুরুভী আরফিনের ভুলে পেনাল্টি পেয়ে যায় থাইল্যান্ড। পরের মিনিটে স্পট কিক থেকে গোল করে ব্যবধান কমান কুরিসারা লিম্পাওয়ানিচ। তবুও জয়ের পাল্লা বাংলাদেশের দিকেই ঝুঁকে ছিল। তবে বড়সড় ধাক্কাটা লাগে ৭৬ মিনিটে স্বাগতিকরা আবার পেনাল্টি পেলে।

ডি-বক্সে ফাউল করে পেনাল্টি উপহার দেন নবিরন খাতুন। এবার স্পট কিক থেকে গোল করেন রিনিয়াফাত। এর তিন মিনিট পর ওপেন প্লে থেকে পিচায়াতিদা মানোওয়াঙ্গের গোল করলে থাইল্যান্ড ৩-২ ব্যবধানে এগিয়ে যায়। পিছিয়ে পড়ার পর একটি গোল করে লড়াইয়ে ফেরার সুযোগ থাকলেও থাইল্যান্ডের জালে আর বল জড়াতে পারেনি। ৪ এপ্রিল পরের ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে চীনের। ৭ এপ্রিল গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভিয়েতনামের বিপক্ষে। বাকি দুই ম্যাচ দিয়ে অন্তত সেরা তিনে থাকতে পারলে কোয়ার্টার ফাইনালে উঠার একটা সুযোগ থাকবে তাদের।