এবার বর্ণবাদ ইস্যুতে নতুন আইন তৈরির পরিকল্পনা করছে ফিফা। মাঠে মুখ ঢেকে প্রতিপক্ষকে কিছু বললেই কঠিন শাস্তির মুখে পড়তে হতে পারে ফুটবলারদের, যা লাল কার্ড পর্যন্ত গড়াতে পারে। ফুটবল বিশ্বকাপ থেকেই এই নিয়ম চালু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ফুটবলে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে বর্ণবাদ ইস্যু। নানা সময়ে প্রতিপক্ষকে হেয় করতে কিছু ফুটবলার ও সমর্থকরা বর্ণবাদী আচরণের আশ্রয় নেন। শুরু থেকেই বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার ছিল ফিফা। এবার বিষয়টিকে আরও কঠোরভাবে মোকাবিলার উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এখন থেকে মাঠে প্রতিপক্ষকে উদ্দেশ্য করে মুখ ঢেকে কিছু বললে কঠিন শাস্তি পেতে হতে পারে। দ্য স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে বর্ণবাদবিরোধী এই পরিকল্পনার কথা জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, যদি কোনো ফুটবলার মুখ ঢেকে কিছু বলে, তাহলে সেখানে বর্ণবাদী সম্পৃক্ততা থাকার সম্ভাবনা থাকে। সুতরাং এমন কাজের জন্য তাকে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হতে পারে। মুখ ঢাকার অর্থ হলো, এমন কিছু বলা হয়েছে যা বলা উচিত নয়। তা না হলে আপনি কেন মুখ ঢাকবেন? তবে অভিযুক্ত খেলোয়াড় দুঃখ প্রকাশ করলে শাস্তি কমানো হতে পারে বলেও জানিয়েছেন তিনি। ইনফান্তিনো আরও বলেন, রাগের বশে কেউ এমন কিছু করে ফেলতে পারে। কিন্তু পরে যদি সে নিজের ভুল বুঝতে পারে এবং ক্ষমা চায়, তাহলে তার শাস্তি ভিন্ন হতে পারে। আমরা বিকল্প হিসেবে সেটিও বিবেচনা করছি। চ্যাম্পিয়নস লিগে রিয়াল-বেনফিকা ম্যাচ মূলত ফিফাকে এমন সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে। ওই ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার জিয়ানলুকা প্রেসতিয়ান্নিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বেনফিকা অধ্যায় শেষ হবে বলে জানিয়েছেন কোচ হোসে মরিনহো। বেনফিকা কোচ হোসে মরিনহো বলেন, আমি আমার মন্তব্যে স্থির আছি। যদি সে দোষী প্রমাণিত হয়, তাহলে তাকে আমি যেভাবে দেখতাম, সেভাবে আর কখনো দেখব না।