আমেরিকান বংশদ্ভূত জায়ান আহমেদ গত বছরের ৯ অক্টোবর বাংলাদেশ জার্সীতে হংকংয়ের বিপক্ষে খেলেছেন। এরপরই তরুন এই ফুটবলার যোগ দিয়েছেন মধ্যপ্রাচ্যের একটি ক্লাবে। সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় বিভাগ লিগের ক্লাব রিমাল আল সাহরা এসসির হয়ে অভিষেক হয়েছে বাংলাদেশের এই লেফটব্যাকের। মঙ্গলবার অভিষেক ম্যাচে বদলি খেলতে নেমে গোলও পেয়েছেন জায়ান। বর্তমানে লিগের পয়েন্ট টেবিলে দলটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। এফএ কাপের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে মাজদ এফসির বিপক্ষে রিমাল আল সাহরার হয়ে জায়ানের অভিষেক হয়েছে।

নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে জয় পায় মাজদ এফসি। এর আগে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৬ মিনিটে ইংলিশ লেফট-ব্যাক টাইলাহ সানচেজের বদলি হিসেবে মাঠে নামেন জায়ান। টাইব্রেকারে গোলও পেয়েছেন তিনি। ছেলের আরব আমিরাতের ক্লাবে অভিষেক নিয়ে সাবেক ফুটবলার বাবা শরীফ আহমেদ বলেছেন, ‘জায়ান এক বছরের জন্য আরব আমিরাতের ক্লাবে যোগ দিয়েছে। এরই মধ্যে ওর অভিষেকও হয়েছে। আশা করছি, সেখানে ও ভালো করবে।’