চ্যাম্পিয়ন্স লিগের নকআউট প্লে-অফের ফিরতি লেগে বেনফিকার মুখোমুখি হওয়ার ঠিক আগ মুহূর্তে বড় দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। দলের প্রধান তারকা কিলিয়ান এমবাপে হাঁটুতে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন।

সান্তিয়াগো বার্নাব্যুতে ১-০ গোলের লিড নিয়ে নামার স্বস্তি থাকলেও, এমবাপের অনুপস্থিতি এখন লস ব্লাঙ্কোসদের ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ফরাসি গণমাধ্যম লেকিপ-এর সূত্রমতে, গতকাল মঙ্গলবার অনুশীলনের সময় বাঁ হাঁটুতে প্রচণ্ড ব্যথা অনুভব করেন এমবাপে। ট্রেনিং সেশন শেষ না করেই তিনি মাঠ ত্যাগ করেন। পরে স্বাস্থ্য পরীক্ষায় দেখা গেছে, আগের পুরানো চোটটিই পুনরায় মাথাচাড়া দিয়ে উঠেছে।

গত ডিসেম্বরে পাওয়া সেই চোট থেকে পুরোপুরি সেরে ওঠার আগেই স্প্যানিশ সুপার কাপে মাঠে নামানো হয়েছিল তাকে।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, এমবাপেকে অন্তত ১০ দিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এর ফলে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ বেনফিকা ম্যাচ ছাড়াও লা লিগায় গেতাফে ও সেল্তা ভিগোর বিপক্ষেও তাকে দর্শক সারিতে থাকতে হচ্ছে।

এমনকি রিয়াল শেষ ১৬-তে পৌঁছালেও সেখানে তাকে পাওয়া যাবে কি না, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি।

রিয়াল মাদ্রিদের নতুন কোচ আলভারো আরবেলোয়া গতকাল সংবাদ সম্মেলনে এমবাপেকে খেলানোর ইঙ্গিত দিলেও, পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটেছে। সামনেই বিশ্বকাপ ফুটবল, আর এমন সময়ে চোট নিয়ে ঝুঁকি নেওয়াটা এমবাপের ক্যারিয়ারের জন্য বিপজ্জনক হতে পারে।

রিয়াল ম্যানেজমেন্ট এখন তারকা ফরোয়ার্ডের দীর্ঘমেয়াদি সুস্থতাকে বেশি গুরুত্ব দিচ্ছে।

এমবাপের বদলে বার্নাব্যুতে আক্রমণভাগের দায়িত্ব কে সামলাবেন, সেটিই এখন দেখার বিষয়। ১-০ গোলের লিড ধরে রেখে রিয়াল কি পারবে পরবর্তী রাউন্ডে পা রাখতে?