কয়েক বছর ধরে ম্যানচেস্টার সিটি ও রেয়াল মাদ্রিদের মুখোমুখি লড়াই যে নতুন মাত্রা পেয়েছে, তাতে আরেক অধ্যায় যোগ হতে যাচ্ছে এবার। চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের শুরুতেই দেখা হচ্ছে এই দুই দলের। ইউরোপ সেরা প্রতিযোগিতাটির শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। সেখানে স্পেনের আরেক জনপ্রিয় ক্লাব বার্সেলোনাও পেয়েছে ইংলিশ প্রতিপক্ষ; তারা খেলবে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগে সিটি ও রেয়ালের মধ্যে দুই লেগের হিসেবে মোট সাতটি লড়াই হয়েছে, ম্যাচ হিসেবে ১৪টি। ম্যাচগুলোও ছিল দারুণ জমজমাট; পাঁচবার জিতেছে মাদ্রিদের ক্লাবটি, চারবার ইংলিশ দলটি এবং পাঁচটি হয়েছে ড্র। এবং এই ১৪টি লড়াই হয়েছে ২০১২-১৩ থেকে গত মৌসুম পর্যন্ত। গত মৌসুমে এই দুই দলই সরাসরি নকআউট পর্বে উঠতে ব্যর্থ হয়েছিল। দেখা হয় তাদের প্লে-অফে, সেখানে সিটিকে দুই লেগেই হারিয়ে শেষ ষোলোয় খেলে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা। এবার অবশ্য সিটি সরাসরি জায়গা করে নেয় শেষ ষোলোয়। রেয়ালও সরাসরি ওঠার সম্ভাবনাতেই ছিল; কিন্তু শেষ রাউন্ডে বেনফিকার বিপক্ষে হেরে বসে তারা। পরে পর্তুগালের এই দলকেই প্লে-অফের দুই লেগে হারিয়ে শেষ ষোলোয় ওঠে রেয়াল মাদ্রিদ। সিটি ও রেয়ালের লড়াইয়ে বিজয়ীরা কোয়ার্টার-ফাইনালে পড়বে বায়ার্ন মিউনিখ কিংবা আতালান্তার সামনে। প্রাথমিক পর্বে আট ম্যাচের সাতটিতে জিতে দ্বিতীয় সেরা দল হয়ে নকআউটে উঠেছে বায়ার্ন। আর আতালান্তা আরেক জার্মান দল বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে প্লে-অফের ফিরতি লেগে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ ষোলোয় উঠেছে। প্রাথমিক পর্বে বার্সেলোনা আট ম্যাচের পাঁচটি জিতে ও একটি ড্র করে পঞ্চম হয়ে নকআউটে জায়গা করে নেয়। কিন্তু নিউক্যাসল সরাসরি উঠতে পারেনি। পরে তারা প্লে-অফে আজারবাইজানের ক্লাব কারাবাখকে দুই লেগেই হারিয়ে এই পর্বের টিকেট কাটে। প্রায় দুই যুগ পর চ্যাম্পিয়ন্স লিগে আবার মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা ও নিউক্যাসল। এর আগে দুই লেগের লড়াইয়ে মোট চারটি ম্যাচ হয়েছে তাদের মধ্যে, প্রথম ম্যাচটি জিতেছিল ইংলিশ দলটি, পরের তিনটি বার্সেলোনা। সবশেষ তারা একে অপরের সঙ্গে লড়েছে ২০০২-০৩ আসরে গ্রুপ পর্বে। এই দুই দলের মধ্যে বিজয়ীরা কোয়ার্টার-ফাইনালে খেলবে আতলেতিকো মাদ্রিদ কিংবা টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে। শেষ ষোলোয় তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে আর্সেনালও। তারা খেলবে বায়ার লেভারকুজেনের বিপক্ষে।
শেষ ষোলোয় মুখোমুখি যারা:
রেয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি
বোদা/গ্লিম্ট-স্পোর্তিং
পিএসজি-চেলসি
নিউক্যাসল ইউনাইটেড-বার্সেলোনা
গালাতাসারাই-লিভারপুল
আতলেতিকো মাদ্রিদ-টটেনহ্যাম হটস্পার
আতালান্তা-বায়ার্ন মিউনিখ
বায়ার লেভারকুজেন-আর্সেনাল
কোয়ার্টার-ফাইনাল
কোয়ার্টার-ফাইনাল ১: পিএসজি/চেলসি - গালাতাসারাই/লিভারপুল
কোয়ার্টার-ফাইনাল ২: রেয়াল মাদ্রিদ/ম্যানচেস্টার সিটি -আতালান্তা/বায়ার্ন মিউনিখ
কোয়ার্টার-ফাইনাল ৩: নিউক্যাসল ইউনাইটেড/বায়ার্ন -আতলেতিকো মাদ্রিদ/টটেনহ্যাম হটস্পার
কোয়ার্টার-ফাইনাল ৪: বোদা গ্লিম্ট/স্পোর্তিং-বায়ার লেভারকুজেন/আর্সেনাল
সেমি-ফাইনাল
সেমি-ফাইনাল ১: কোয়ার্টার-ফাইনাল ১ বিজয়ী -কোয়ার্টার-ফাইনাল ২ বিজয়ী
সেমি-ফাইনাল ২: কোয়ার্টার-ফাইনাল ৩ বিজয়ী -কোয়ার্টার-ফাইনাল ৪ বিজয়ী
শেষ ষোলোর প্রথম লেগ মাঠে গড়াবে আগামী ১০ ও ১১ মার্চ এবং ফিরতি লেগ হবে ১৭ ও ১৮ মার্চ।
কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ হবে ৭ ও ৮ এপ্রিল এবং ফিরতি লেগ মাঠে গড়াবে ১৪ ও ১৫ এপ্রিল।
সেমি-ফাইনালের দুই লেগ হবে আগামী ২৮ ও ২৯ এপ্রিল এবং ৫ ও ৬ মে।
ফাইনাল হবে আগামী ৩০ মে, বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়।