বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা দৌড়ে এককভাবে এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গতকাল শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্টিত ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণ, খেলোয়াড়দের মাঝে উত্তপ্ত বাক্যবিনিময় আর গ্যালারিতে সমর্থকদের তুমুল উত্তেজনা, সব মিলিয়ে এক শ্বাসরুদ্ধকর লড়াই প্রত্যক্ষ করলো দর্শকরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান দখলের অলিখিত ফাইনালে শেষ হাসি হেসেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। নিজেদের ঘরের মাঠে ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েলতন গোমেজের দুর্দান্ত হ্যাটট্রিকে ফর্টিস এফসিকে ৩-২ গোলের রোমাঞ্চকর ব্যবধানে হারিয়েছে কিংস। এই জয়ের ফলে ফর্টিসকে সরিয়ে পয়েন্ট টেবিলের একক রাজত্ব ফিরে পেল পাঁচবারের চ্যাম্পিয়নরা।

খেলার শুরু থেকেই ছিল আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনী। ১৮ মিনিটে কিংস সুযোগ নষ্ট করলেও পরের মিনিটেই গোল করে কিংস সমর্থকদের স্তব্ধ করে দেয় ফর্টিস। ১৯ মিনিটে পা ওমর বাবুর বাড়ানো বল থেকে চমৎকার ফিনিশিংয়ে নাইজেরিয়ান ফরোয়ার্ড ওকাফর দলকে এগিয়ে নেন (১-০)। তবে সেই লিড স্থায়ী হয়নি। ২৭ মিনিটে কিংস ফরোয়ার্ড রাকিব বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে নিখুঁত শটে গোল করে দলকে ১-১ সমতায় ফেরান দোরিয়েলতন। প্রথমার্ধের ৩৩ মিনিটে ট্যাকলকে কেন্দ্র করে দুই দলের ফুটবলাররা তর্কে জড়িয়ে পড়লে ম্যাচে সাময়িক উত্তেজনা ছড়ায়।সেই ঘটনায় বেঞ্চ থেকে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন ফর্টিসের ফাহাদ।

বিরতির পর কিংস কোচ বদলি হিসেবে ফয়সাল আহমেদ ফাহিমকে মাঠে নামান, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ৫২ মিনিটে ফাহিমের মাপা ক্রস থেকে দোরিয়েলতন নিজের দ্বিতীয় গোল করে কিংসকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। ৭৫ মিনিটে ফর্টিসের অনন্ত তামাং কর্নার থেকে গোল করে ম্যাচ ২-২ সমতায় ফেরালে লড়াইয়ে নতুন প্রাণ ফেরে। তবে সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ টেকেনি ফর্টিসের। ঠিক তিন মিনিট পর আবারও ত্রাতা হয়ে আসে ফাহিম-দোরিয়েলতন জুটি। ৭৮ মিনিটে ফাহিমের আরেকটি ক্রস থেকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন দোরিয়েলতন।

স্কোরলাইন দাঁড়ায় ৩-২। শেষ দিকে ওকাফরের একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে সমতায় ফেরার শেষ সুযোগটিও হারায় ফর্টিস। শেষ পর্যন্ত ৫ গোলের এক থ্রিলার জিতে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। এই জয় শুধু ৩ পয়েন্টই নয়, লিগ শিরোপা ধরে রাখার মিশনে কিংসকে অনেকটা এগিয়ে দিল। লিগের ১১ ম্যাচ শেষে কিংসের সংগ্রহ এখন ২৪ পয়েন্ট, আর সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেল ফর্টিস।