প্রথম লেগে ৪-০ গোলে জয়ের পূর্ণ সুবিধা ভোগ করলো এ্যাথলেটিকো মাদ্রিদ। মঙ্গলবার বার্সেলোনার কাছে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ক্যাম্প ন্যুতে ৩-০ গোলে পরাজিত হয়েও দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে কোপা ডেল রে’র ফাইনাল নিশ্চিত করেছে এ্যাথলেটিকো। ৩২ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনার জার্সিতে তরুণ মার্ক বার্নাল জোড়া গোল করেন। বাকি গোল আসে রাফিনিয়ার পেনাল্টি থেকে। তবে দিয়েগো সিমিওনের দল শেষ পর্যন্ত কোন গোল করতে পারেনি। যদিও প্রথম লেগে বড় ব্যবধানে এগিয়ে থাকার সুবিধা এ্যাথলেটিকো ভালমতই কাজে লাগিয়েছে। এ্যাথলেটিকো ২০১৩ সালের পর প্রথমবারের মতো ফাইনালে ফিরল। বার্সা কোচ হান্সি ফ্লিক বলেন, ‘আমরা হতাশ, কিন্তু আজকের পারফরম্যান্স নিয়ে গর্বিত হতে পারি। আমরা অসাধারণ খেলেছি, অনেক সুযোগ তৈরি করেছি। শেষ পর্যন্ত যা হওয়ার তা হয়নি।’ সিমিওনে বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে আমরা ফাইনালে ফেরার কাছাকাছি ছিলাম। দুই লেগ মিলিয়ে আমরা বার্সেলোনার চেয়ে ভালো ছিলাম।’ শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। তবে প্রথমার্ধেই ইনজুরিতে পড়েন জুলেন কুন্ডে। পাল্টা আক্রমণে সাবেক বার্সা তারকা আঁতোয়ান গ্রীজম্যানও সুযোগ তৈরি করেন।