ফিফা র‌্যাঙ্কিংয়ের ১০৮ নম্বরে থাকা ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। প্রীতি ম্যাচে ৭২ ধাপ এগিয়ে থাকা দলটিকে পেয়ে মোটেও ভীত নয় জামাল ভূঁইয়ারা। বৃহস্পতিবার হ্যানয়ের মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার ম্যাচে স্বাগতিকদের সঙ্গে সমান তালে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। এই প্রীতি ম্যাচটি নিছক হার-জিতের লড়াই নয়, বরং লাল-সবুজ শিবিরের জন্য এটি নিজেদের শক্তি পরীক্ষার এক বড় মঞ্চ। আগামী ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।সেই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটিকে প্রস্তুতির সেরা সুযোগ হিসেবে দেখছেন কোচ হাভিয়ের কাবরেরা।

গতকাল বুধবার ভিয়েতনামের হ্যানয়ে সংবাদ সম্মেলনে শুরুতে বাংলাদেশ কোচ বলেছেন, ‘আমাদের মূল লক্ষ্য সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়া। তার আগে ভিয়েতনামের বিপক্ষে খেলা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দল। তাদের বিপক্ষে খেললে আমাদের আত্মবিশ্বাস বাড়বে।’

ভিয়েতনাম দলে প্রবাসী ফুটবলারের উপস্থিতি নিয়ে সতর্ক স্প্যানিশ এই কোচ। তিনি বলেছেন, ‘সুয়ান সন এবং আরেকজন ব্রাজিলীয় বংশোদ্ভূত খেলোয়াড় (হোয়াং হেন)-এর উপস্থিতিতে ভিয়েতনাম দল এখন অনেক শক্তিশালী। আমরা আশা করি, বাংলাদেশ তাদের সেরা একাদশের বিপক্ষেই খেলতে পারবে।’

এই ম্যাচে হামজা চৌধুরীর খেলা প্রসঙ্গে কোচ জানিয়েছেন, ‘হামজা মাত্র গতকাল বিকালে পৌঁছেছে। সে ভালো আছে, তবে আবহাওয়া ও সময়ের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। ম্যাচে সে খেলবে কি না, তা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’

কোচের পাশে বসে অধিনায়ক জামাল ভূঁইয়া লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, ‘কঠিন ম্যাচ হতে যাচ্ছে, তবে বাংলাদেশ দল উন্নতি করছে। আমাদের বিশ্বাস আছে, আমরা ভিয়েতনামের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করতে পারবো।’

এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপে ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে সিঙ্গাপুর। যদিও পরবর্তী ম্যাচে সিঙ্গাপুরকে হারালেও বাছাইপর্বের মূল সমীকরণে খুব একটা পরিবর্তন আসবে না, তবুও একটি সম্মানজনক ফলাফল এবং নিজেদের প্রমাণের তাড়না থেকেই এই প্রস্তুতিকে নিখুঁত করতে চায় বাংলাদেশ দল।