বিশ্বকাপ শুরুর মাত্র ৭২ দিন আগে বড় ধরনের সিদ্ধান্ত নিল ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)। জাতীয় দলের প্রধান কোচ অটো আদ্দোকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে হারের পরপরই এই সিদ্ধান্ত আসে, যা ঘানার ফুটবল মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। জার্মানির বিপক্ষে ম্যাচে ঘানা অবশ্য বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স দেখায়। পুরো ম্যাচজুড়েই তারা লড়াই করে খেলেছে এবং ৮৮ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতায় ছিল। কিন্তু শেষ মুহূর্তে দেনিজ উনদাভের গোলের কারণে আর পেরে ওঠেনি আফ্রিকান দলটি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। এই হারের পাশাপাশি সাম্প্রতিক সময়েও ঘানার পারফরম্যান্স ছিল হতাশাজনক। জার্মানির বিপক্ষে হারসহ টানা চারটি ম্যাচে পরাজিত হয়েছে তারা। চলতি আন্তর্জাতিক বিরতিতে প্রথম ম্যাচে অস্ট্রিয়ার কাছে ৫-১ ব্যবধানে বড় হার মানে ঘানা। এর আগে গত নভেম্বরেও এশিয়ার দুই শক্তিশালী দল জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হারের স্বাদ পেতে হয়েছিল তাদের। ধারাবাহিক এই ব্যর্থতাই শেষ পর্যন্ত কোচ অটো আদ্দোর ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য করে ঘানা ফুটবল কর্তৃপক্ষকে। এক বিবৃতিতে জিএফএ জানায়, দলের জন্য অবদান রাখায় তারা অটো আদ্দোর প্রতি কৃতজ্ঞ এবং তার ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানিয়েছে। একই সঙ্গে জানানো হয়, জাতীয় দলের নতুন টেকনিক্যাল পরিকল্পনা ও দিকনির্দেশনা যথাসময়ে ঘোষণা করা হবে। ৫০ বছর বয়সী অটো আদ্দো ঘানার জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন ২০২৪ সালের মার্চে। এর আগে ২০২২ সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত তিনি প্রথম দফায় জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। তার অধীনেই ২০২২ সালের বিশ্বকাপে অংশ নেয় ঘানা। সেই বিশ্বকাপে ঘানা প্রথম ম্যাচে পর্তুগালের কাছে ৩-২ গোলে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চমক দেখায়। তবে শেষ ম্যাচে উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় দলটিকে। সেই আসরেই আদ্দো ঘানার ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার অনন্য কীর্তি গড়েন। পরবর্তীতে ২০২৪ সালের মার্চে আবার দায়িত্ব নিয়ে তিনি ঘানাকে আরও একটি বিশ্বকাপে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে তার দ্বিতীয় দফার মেয়াদে বড় ব্যর্থতা ছিল আফ্রিকা কাপ অব নেশনসে ঘানার যোগ্যতা অর্জন করতে না পারা। এবারের বিশ্বকাপে পঞ্চমবারের মতো অংশ নিতে যাওয়া ঘানা রয়েছে ‘এল’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ইংল্যান্ড এবং পানামা। আগামী ১৭ জুন টরন্টোতে পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দলটি। তবে সেই ম্যাচে ডাগআউটে অটো আদ্দো থাকছেন না নতুন কোচের অধীনেই শুরু হবে ঘানার বিশ্বকাপ যাত্রা।
ফুটবল
ম্যাচে হেরে কোচ বরখাস্ত করলো ঘানা
বিশ্বকাপ শুরুর মাত্র ৭২ দিন আগে বড় ধরনের সিদ্ধান্ত নিল ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)। জাতীয় দলের প্রধান কোচ অটো আদ্দোকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে হারের পরপরই এই সিদ্ধান্ত আসে,
Printed Edition