জুন ফিফা উইন্ডোতে ইউরোপিয়ান প্রতিপক্ষ সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ জুন। ফিফা প্রীতি ম্যাচে এতদিন এশিয়ার দেশগুলোর বিপক্ষে খেলে আসছে বাংলাদেশ। তাও প্রতিপক্ষ হিসেবে শীর্ষ দল যেমন জাপান বা সৌদি আরবের মতো দল সেখানে ছিল না। সর্বশেষ ভিয়েতনাম ছিল শক্তিশালী প্রতিপক্ষ। এবার অবশ্য এশিয়ার গণ্ডি পেরিয়ে বাংলাদেশ দল খেলতে যাচ্ছে ইউরোপে। তাও সেটা হচ্ছে প্রথমবার। অর্থাৎ ইউরোপের কোনও দেশে প্রতিপক্ষের মাঠে এবারই প্রথম খেলতে যাচ্ছে লাল-সবুজ দল। সান মারিনোর বিপক্ষে ৫ জুন প্রীতি ম্যাচ খেলবে জামাল-হামজাদের বাংলাদেশ। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাফুফে তা নিশ্চিত করেছে। ইউরোপে প্রথমবার খেলতে যাওয়ার সুযোগ তৈরি হলেও ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে আগেও খেলেছে বাংলাদেশ। এর আগে ২০০১ সালে নেহরু কাপে ভারতের কোচিতে ইউরোপের বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে খেলেছিল তারা। সেই ম্যাচে ২-০ গোলে হেরেছিল জর্জ কোটানের দল। বাংলাদেশের মতো সান মারিনো দলও প্রথমবার এশিয়ার কোনও দলের বিপক্ষে খেলবে। তবে ইউরোপের দল হলেও সান মারিনোর ফিফা র্যাঙ্কিং আহামরি নয়। সবার শেষে তাদের অবস্থান, ২১১! আর বাংলাদেশ রয়েছে ১৮১ নম্বরে। ইউরোপের দল বিধায় এই ম্যাচটিকে তাই ঐতিহাসিক বলছে বাফুফে! তবে ৫ জুন ম্যাচটি হবে সান মারিনোতেই।
ফুটবল
ইউরোপীয় প্রতিপক্ষের মাঠে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ
জুন ফিফা উইন্ডোতে ইউরোপিয়ান প্রতিপক্ষ সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ জুন।