লিওনেল মেসি কি পুরো ৯০ মিনিট খেলবেন? স্কালোনির শিষ্যরা কি নিজেদের সেরাটা দিতে পারবে? এমন সব প্রশ্নের উত্তর মিলল বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে।

বুধবার (১ এপ্রিল) প্রীতি ম্যাচে র‍্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা জাম্বিয়াকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার মিশনে এটি ছিল আলবিসেলেস্তেদের দাপুটে এক পারফরম্যান্স।

ঘরের মাঠে নিজের সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচে শুরুর একাদশেই ছিলেন লিওনেল মেসি। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত খেলে গোল এবং অ্যাসিস্ট—উভয় ক্ষেত্রেই নিজের উজ্জ্বল উপস্থিতি জানান দিয়েছেন এই মহাতারকা।

ম্যাচের মাত্র ৪ মিনিটের মাথায় লিয়েন্দ্রো পারেদেসের পাস থেকে মেসির বাড়ানো বলে লক্ষ্যভেদ করেন হুলিয়ান আলভারেজ। প্রথমার্ধের ৪৩ মিনিটে অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের সাথে চমৎকার বোঝাপড়ায় দলের দ্বিতীয় গোলটি করেন স্বয়ং অধিনায়ক।

বিরতির পর ৫০ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। নিজে শট না নিয়ে দীর্ঘদিনের সতীর্থ নিকোলাস ওতামেন্দিকে বল এগিয়ে দেন মেসি। সফল স্পটকিকে ব্যবধান ৩-০ করেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।

৬৮ মিনিটে আর্জেন্টিনার আক্রমণের মুখে বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন জাম্বিয়ার ডমিনিক চান্দা। ম্যাচের যোগ করা অতিরিক্ত সময়ে জাতীয় দলের জার্সিতে ক্যারিয়ারের প্রথম গোলের দেখা পান তরুণ প্রতিভা ভ্যালেন্টিন বার্কো।

পুরো ম্যাচে ৭৬ শতাংশ সময় বল দখলে ছিল আর্জেন্টিনার। গোলের জন্য তারা ৯টি শট নেয়, যার মধ্যে ৫টিই ছিল লক্ষ্যে। বিপরীতে জাম্বিয়া মাত্র একটি শট লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

কোচ লিওনেল স্কালোনি এই ম্যাচে একাদশে ৮টি পরিবর্তন আনেন এবং শেষ ২৫ মিনিটে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বদলে হুয়ান মুসোকে সুযোগ দেন।

বিশ্বকাপের আগে নিজেদের কন্ডিশনে এটাই ছিল আর্জেন্টিনার শেষ ম্যাচ। জয় দিয়ে ঘরের মাঠের দর্শকদের বিদায় জানিয়ে এখন বড় মঞ্চের লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত স্কালোনির অপ্রতিরোধ্য বাহিনী।