এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে বড় আসর এশিয়ান কাপের পর্দা উঠছে আজ রোববার। অস্ট্রেলিয়ার পার্থে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ফিলিপাইন। ১২ দলের এই আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ৩ মার্চ বাংলাদেশের ম্যাচ শুরু হবে। প্রথম ম্যাচের প্রতিপক্ষ চীন। ৫১ বছরের টুর্নামেন্ট ইতিহাসে সবচেয়ে সফল দল চীন, যারা নয়বারের চ্যাম্পিয়ন।
গ্রুপ পর্বে বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ এই শক্তিশালী চীন। এছাড়াও উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে খেলবে আফঈদা-ঋতুপর্ণারা।
স্বাগতিক অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ডকোস্ট শহরজুড়ে বইছে উৎসবের আমেজ। এবারের নারী এশিয়ান কাপ বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ ১২ দলের এই আসরে প্রথমবার খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে দলটির ওপর প্রত্যাশার চাপ তুলনামূলক কম। ঋতুপর্ণা-আফঈদাদের সামনে হারানোর কিছু নেই, অর্জনের সুযোগই বেশি।
এশিয়ার বিশ্বকাপখ্যাত এই টুর্নামেন্টে নতুন অভিজ্ঞতার মুখোমুখি হবে বাংলাদেশ। আধুনিক ফুটবলে ভিএআর প্রযুক্তি নিয়মিত ব্যবহার হলেও নারী কিংবা পুরুষ বাংলাদেশের ফুটবলারদের সেই অভিজ্ঞতা এখনো হয়নি।সারা বছর আন্তর্জাতিক ম্যাচের অপেক্ষায় থাকা ফুটবলাররা এবার মাঠে নামবে এশিয়ার পাওয়ারহাউজ দলগুলোর বিপক্ষে। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।
পার্থে অনুষ্ঠিত হবে আসরের উদ্বোধনী ম্যাচ, যেখানে স্বাগতিক অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ফিলিপাইন। চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের মিশন শুরু হবে ৩ মার্চ।
সেদিন সিডনির কমব্যাংক স্টেডিয়াম মুখরিত হবে ‘বাংলাদেশ-বাংলাদেশ’ ধ্বনিতে। এরপর ৬ মার্চ একই ভেন্যুতে বাংলাদেশের দ্বিতীয় প্রতিপক্ষ উত্তর কোরিয়া। আর ৯ মার্চ পার্থে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের দল।