এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দল স্বর্ণ জিতেছে। বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল দল ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনামের কাছে ৩ গোলে হেরেছে। একদিন পর গতকাল শুক্রবার এশিয়া কাপ আর্চারিতে কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগে সেই ভিয়েতনামকে হারিয়েই স্বর্ন জিতেছে বাংলাদেশ। হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের কম্পাউন্ড দল দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে ওঠেছিল বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দল। এরপর ফাইনালে ওঠার লড়াইয়ে ভুটানকে হারায় ২৩২-২২৮ স্কোরের ব্যবধানে।

ফাইনালে ভিয়েতনামকে ২৩১-২২৫ স্কোরের ব্যবধানে হারায় কম্পাউন্ড দল। তাতে এ প্রতিযোগিতায় স্বর্ণ জিতল লাল-সবুজের দল। বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দলের গড় স্কোর ৯.৬২। ভালো করেছেন হিমু বাছাড়। তার গড় স্কোর ৯.৭৫। থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া কাপ আর্চারিতে এবার বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ১০ আর্চার। দক্ষ আর্চার না থাকায় রিকার্ভ নারী দল গঠন করা যায়নি। অন্য তিন বিভাগের মধ্যে রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী দল ভালো করেনি। কম্পাউন্ড নারী দল সেমিফাইনালে ওঠার লড়াইয়ে থাইল্যান্ডের কাছে হেরেছে। বন্যা আক্তার, ঝুমা আক্তার, কুলসুম আক্তারদের সঙ্গে থাই মেয়েদের স্কোরের তফাত মাত্র ১ পয়েন্টের। ২৩০ স্কোর করে থাইল্যান্ড পদকের লড়াইয়ে পৌঁছে যায়। বাংলাদেশ করে ২২৯। রিকার্ভ পুরুষ দলও আলো ছড়িয়ে আটকে যায় কোয়ার্টার ফাইনালে। গত বছরের জুনে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপের রিকার্ভের ব্যক্তিগত বিভাগে স্বর্ন জিতেছিলেন বাংলাদেশের আবদুর রহমান আলিফ।

এবারের আসরে শেষ ষোলো থেকেই বিদায় নেন আলিফ। সর্বশেষ ২০২১ সালে কম্পাউন্ড বিভাগে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়া কাপের লেগ ওয়ানে রুপা জিতেছিল বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে স্বর্ণপদক জিততে পারেনি তারা। চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ আর্চারি দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এক বার্তায় আর্চারদের এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমাদের আর্চারদের এই ধারাবাহিক সাফল্য দেশের ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত গর্বের। সেমিফাইনালে ভুটানকে এবং ফাইনালে শক্তিশালী ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশ দল প্রমাণ করেছে যে, বিশ্ব আর্চারির মানচিত্রে তারা এখন এক অপরাজেয় শক্তির নাম। এই বিজয় আমাদের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা।

প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আর্চারিতে বাংলাদেশ যে নিয়মিত সাফল্য পাচ্ছে, এটি তারই একটি অংশ। এই ঐতিহাসিক অর্জনের জন্য আমি খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এশিয়া কাপের মতো বড় মঞ্চে চ্যাম্পিয়ন হওয়া আমাদের আর্চারদের মানসিক দৃঢ়তার বহিঃপ্রকাশ ঘটেছে। এই জয় আসন্ন অলিম্পিকসহ অন্যান্য আন্তর্জাতিক গেমসে আমাদের পদক জয়ের স্বপ্নকে আরও শক্তিশালী হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।