বাংলাদেশী বংশদ্ভূত ফুটবলার কিউবা মিচেল ইংলিশ লিগের সপ্তম স্তরের ক্লাব গ্লুস্টার সিটি এফসিতে যোগ দিয়েছেন। লাল সবুজ জার্সীতে খেলতে এসে তিক্ত অভিজ্ঞতা নিয়েই দেশ ছেড়েছিলেন। পারিশ্রমিক না পেয়ে বসুন্ধরা কিংসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন কিউবা মিচেল। ফিরে গিয়েছিলেন জন্মভূমি ইংল্যান্ডে। অবশেষে সেখানে ক্লাবও খুঁজে পেয়েছেন। ইংলিশ ফুটবলের সপ্তম স্তরের ক্লাব গ্লুস্টার সিটি এফসিতে যোগ দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এমনটা জানান বাংলাদেশের এই মিডফিল্ডার। সান্ডারল্যান্ডের যুব দলে খেলা কিউবা গত বছরের জুলাইয়ে বড় স্বপ্ন নিয়ে তিন বছরের চুক্তিতে নাম লেখান বসুন্ধরা কিংসে। তবে বাংলাদেশের ফুটবল লিগে সময়টা মোটেও ভালো কাটেনি। বেশিরভাগ সময় বেঞ্চে বসে থেকেছেন তিনি। পারিশ্রমিকও পাননি ঠিকমতো। এই অভিযোগ তুলে গত ৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিল করেন। গ্লুস্টার সিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে কিউবা বলেন, বাংলাদেশ থেকে ফেরার পর আমার এজেন্টের মাধ্যমে এই সুযোগটি আসে। ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনা এবং বর্তমান পারফরম্যান্স আমাকে মুগ্ধ করেছে। আমি এখন মাঠে নিজের সামর্থ্য দেখাতে এবং নিয়মিত খেলে জাতীয় দলের জন্য নিজেকে প্র¯‘ত রাখতে চাই। জ্যামাইকান বাবা এবং বাংলাদেশি মায়ের সন্তান কিউবার বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছিল গত বছরের নভেম্বরে নেপালের বিপক্ষে। জাতীয় স্টেডিয়ামে সেই ম্যাচে তিনি প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরীর বদলি হিসেবে শেষ ১০ মিনিট খেলেছিলেন। পরে ভারতের বিপক্ষে ২২ বছর পর জেতা ম্যাচেও মাঠে নামেন তিনি।