অস্ট্রেলিয়ার পার্থে রোববার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা। এর আগে আগে গতকাল সকালে এক নিবিড় অনুশীলন সেশনে ঘাম ঝরিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। পার্থের ই অ্যান্ড ডি লিটিস স্টেডিয়ামে সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অনুশীলন করেছে আফাঈদারা। সেশনের শুরুতে ওয়ার্ম-আপের পর খেলোয়াড়দের পরিকল্পিত পাসিং ও দলীয় সমন্বয়ের ওপর জোর দেয়া হয়। অনুশীলনের শেষভাগে ২০ মিনিটের একটি ইনডোর ম্যাচ (১১ বনাম ১১) আয়োজন করেন কোচ পিটার বাটলার, যেখানে খেলোয়াড়দের কৌশলগত অবস্থান ও গতির বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে।

অনুশীলন শেষে পার্থ রেকট্যাঙ্গুলার স্টেডিয়ামে অফিসিয়াল সংবাদ সম্মেলনে কোচ বাটলারের সাথে অংশ নিয়েছিলেন অধিনায়ক আফঈদা খন্দকার। মাঠে তিনি রক্ষণভাগের অতন্দ্র প্রহরী, আর সংবাদ সম্মেলনে তার অস্ত্র হলো ‘সংক্ষিপ্ত উত্তর’। বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি বরাবরই মিতভাষী হিসেবে পরিচিত। সংবাদ সম্মেলনে এসে তিনি আবারও মনে করিয়ে দিলেন, অনেক কথার চেয়ে মাঠের পারফরম্যান্সই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

সংবাদ সম্মেলনে আফঈদার সংক্ষিপ্ত উত্তরের ধরন দেখে এক সাংবাদিক রসিকতা করে জানতে চান, তিনি কি ক্রিকেট তারকা মোস্তাফিজুর রহমানকে অনুসরণ করেন? হেসেই অধিনায়ক উত্তর দেন, ‘মোস্তাফিজ ভাই ওনার জায়গায় সেরা। তবে আমি কাউকে অনুসরণ করে এমনটা করি না। আসলে আমি ক্রিকেট খুব একটা দেখিও না। আমার মনে হয় কথার চেয়ে কাজ আগে করা ভালো। অনেক কিছু মুখে বলা যায়, কিন্তু কাজে সবসময় তা করা সম্ভব হয় না। কাজ করে দেখালে কথা না বললেও চলে।’ অস্ট্রেলিয়ায় এশিয়ান পর্যায়ের এই টুর্নামেন্টে খেলতে এসে সিডনি বা পার্থের বিশ্বমানের স্টেডিয়াম ও সুযোগ-সুবিধা দেখে মুগ্ধ আফঈদা। তবে একই সাথে দেশের অবকাঠামো নিয়ে আক্ষেপও ঝরল তার কণ্ঠে। তিনি বলেন, ‘দেশের মাঠগুলো যদি আরও উন্নত হতো, তবে আমাদের অনুশীলন অনেক ভালো হতো। আমাদের দেশে অন্তত একটি মানসম্মত মাঠের খুব প্রয়োজন। এটি করা হলে ফুটবলের অনেক উন্নতি হবে।’