বাবা হোর্হে মেসির মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো বিদায় জানাতে নিজ শহর রোজারিওতে ফিরেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। শোকাহত পরিবারের পাশে থাকতে ইন্টার মায়ামির কাছ থেকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পাড়ি জমান বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

ফোর্ট লডারডেল থেকে স্থানীয় সময় সকালে যাত্রা করে রাত ৮টার কিছু পর রোজারিওতে পৌঁছান মেসি। ছোটবেলা থেকে ছেলের ফুটবল ক্যারিয়ারের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে ছিলেন হোর্হে মেসি। সেই মানুষটিকেই শেষ বিদায় জানাতে শৈশবের শহরে ফিরে যান তিনি। এ সময় মা সেলিয়াসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও সময় কাটাচ্ছেন মেসি।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, হোর্হে মেসির শেষকৃত্য ঘরোয়া পরিবেশে সম্পন্ন হবে। অনুষ্ঠানে শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত থাকবেন। তবে শেষ শ্রদ্ধা জানাতে সমাধিস্থলের বাইরে জড়ো হয়েছেন অসংখ্য সমর্থক। তারা মেসি পরিবারের প্রতি সমবেদনা ও ভালোবাসা প্রকাশ করেন।

বাবার মৃত্যুর কারণে ইন্টার মায়ামি মেসিকে বিশেষ ছুটি দিয়েছে। ফলে লিগস কাপের গ্রুপ পর্বে মন্তেরেরির বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি তিনি। ওই ম্যাচে মেসির শুরুর একাদশে থাকার সম্ভাবনা থাকলেও তাকে দলে রাখা হয়নি। মেসিকে ছাড়া ম্যাচটিতে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হারে ইন্টার মায়ামি।

শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষে মেসির যুক্তরাষ্ট্রে ফেরার কথা রয়েছে। তবে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, শোকের এই সময়ে পরিবারের সঙ্গে প্রয়োজনীয় সময় কাটানোর পূর্ণ সুযোগ দেওয়া হবে তাকে।

এদিকে হোর্হে মেসির মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, রোজারিও সেন্ট্রাল, নিউয়েলস ওল্ড বয়েজসহ বিভিন্ন ক্লাব ও ফুটবল সংগঠন মেসি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

ফুটবল ক্যারিয়ারের নেপথ্যের অন্যতম কারিগর ছিলেন হোর্হে মেসি। প্রচারের আলো থেকে দূরে থেকেও ছেলের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। তার মৃত্যুতে শুধু মেসি পরিবারই নয়, শোকাহত পুরো ফুটবল বিশ্ব।