লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে ইতিহাসে প্রথমবার মেজর লিগ সকারের (এমএলএস) শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবার দলটির নতুন শুরুর পালা। আগামী ২১ ফেব্রুয়ারি মৌসুমের প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে হাভিয়ের মাশ্চেরানোর মায়ামি খেলতে নামবে। তার আগে চোটে পড়লেন মেসি। বিশ্বকাপজয়ী এই অধিনায়কের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার তথ্য নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘তিনি কবে নাগাদ অনুশীলন ও খেলায় ফিরবেন সেটি চোট কত দ্রুত সারে তার ওপর নির্ভর করছে।’ মেসির আরও কিছু মেডিক্যাল পরীক্ষার পর তার হ্যামস্ট্রিংয়ের পেশিতে টান পড়ার বিষয়টি নিশ্চিত হয়ে। তিনি চোটে পড়ায় স্থগিত করা হয়েছে মায়ামির প্রাক-মৌসুম প্রস্তুতির শেষ ম্যাচ। মৌসুম শুরুর আগে পুয়ের্তো রিকোয় প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল মায়ামির। ম্যাচ বাতিলের ঘটনায় এক ভিডিও বার্তায় মেসি জানিয়েছেন, ‘পুয়ের্তো রিকোর সেসব মানুষদের আমি বার্তা দিতে চাই, যারা অনুশীলন সেশন ও খেলা দেখতে যাওয়ার কথা ছিল। সত্যিকার অর্থে ইকুয়েডরে আমাদের সর্বশেষ ম্যাচে আমার মাংসপেশিতে টান লাগে। সে কারণে আগেভাগেই আমি মাঠ ছেড়ে যাই। সে কারণে পুয়ের্তো রিকো এবং ইন্টার মায়ামি যৌথভাবে ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আশা করি সেটি পরবর্তীতে আবার মাঠে গড়াবে এবং তখন দেখা হবে আমাদের। শিগগিরই আপনার দেশে ভ্রমণে যাব। সবাইকে আমার উষ্ণ আলিঙ্গন এবং আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা।’