বাংলাদেশ নারী ফুটবলের ইতিহাসে এক সোনালী অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে আগামী মার্চে। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে লড়বে লাল-সবুজের প্রতিনিধিরা। দলের এই ঐতিহাসিক যাত্রার নেপথ্য নায়ক ইংলিশ কোচ পিটার বাটলার সম্প্রতি ফিফাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন তার রোমাঞ্চকর অভিজ্ঞতা এবং আকাশছোঁয়া স্বপ্নের কথা।পিটার বাটলারের হাত ধরে বাংলাদেশ দল এখন এশিয়ার পরাশক্তিদের মোকাবিলা করতে প্রস্তুত। ফিফাকে বাটলার বলেন, ‘এশিয়ান কাপে জায়গা করে নেওয়া আমাদের জন্য বিশাল এক প্রাপ্তি। গত তিন বছরে মেয়েরা যে পরিশ্রম আর উন্নতি দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।’ তিনি মনে করেন, এই টুর্নামেন্টটি বিশ্বমঞ্চে বাংলাদেশের সামর্থ্য প্রমাণের সেরা প্ল্যাটফর্ম। বাটলারের পরিকল্পনা কেবল এশিয়ান কাপেই সীমাবদ্ধ নয়।তার মূল লক্ষ্য ২০২৭ ফিফা নারী বিশ্বকাপ। তিনি বিশ্বাস করেন, এশিয়ান কাপে ভালো পারফরম্যান্স করতে পারলে বিশ্বকাপের টিকিট পাওয়া অসম্ভব কিছু নয়। বাটলারের ভাষায়, ‘স্বপ্ন দেখাটা জরুরি। আমরা যদি সেরাটা দিতে পারি, তবে ফুটবলে যেকোনো কিছুই সম্ভব।’ বাংলাদেশে কাজের অভিজ্ঞতা জানিয়ে এই ইংলিশ কোচ বলেন, এখানকার মেয়েদের শেখার আগ্রহ প্রবল। দায়িত্ব নেওয়ার পর তার প্রধান চ্যালেঞ্জ ছিল দলকে শারীরিকভাবে শক্তিশালী এবং কৌশলগতভাবে আধুনিক ফুটবলের উপযোগী করে তোলা। তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর জোর দিয়ে তিনি বাফুফে ও সমর্থকদের মেয়েদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।২০২৬ সালের মার্চে এশিয়ান কাপের মঞ্চে বাংলাদেশের পদার্পণ হবে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের অগ্রযাত্রার এক বলিষ্ঠ প্রতীক।
ফুটবল
ফিফাকে বাটলারের বিশেষ সাক্ষাৎকার
বাংলাদেশ নারী দলের মূল লক্ষ্য ২০২৭ ফিফা নারী বিশ্বকাপ
বাংলাদেশ নারী ফুটবলের ইতিহাসে এক সোনালী অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে আগামী মার্চে। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে লড়বে লাল-সবুজের প্রতিনিধিরা।