এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে রোববার ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এই ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্প শুরু করতে যাচ্ছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। এর আগে ভিয়েতনামের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে লালÑসবুজের দলটি। এই স্কোয়াডের বাইরে রয়েছেন দেশের ফুটবলের পোস্টারবয় হামজা চৌধুরী। কারণ, ভিয়েতনামে সরাসরি দলে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এই জন্য ক্যাম্পে রাখা হয়নি। এদিকে ক্যাবরেরার স্কোয়াডে জায়গা পাননি আলোচিত গোলকিপার আনিসুর রহমান জিকো।

জাতীয় ফুটবল দলের গোলপোস্টের নিচে এক সময় নিয়মিত ছিলেন আনিসুর রহমান জিকো। ২০২৩ সাফে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক হয়েছিলেন। এরপর ব্যক্তিগত কান্ডে নিজেকে হারিয়ে খুঁজছিলেন। এবার চলতি মৌসুমে জিকো কিংসের হয়ে ভালো খেলেও ক্যাবরেরার দলের জায়গা পাননি। জিকোর অবর্তমানে আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা জাতীয় দলের পোস্ট সামলিয়েছেন। কিংসে মেহেদী হাসান শ্রাবণের চেয়ে জিকোর পারফরম্যান্স এই মৌসুমে ভালো। এরপরও তাকে দলে ডাকেননি ক্যাবরেরা। জিকোর সঙ্গে ক্যাবরেরা সম্পর্ক অতটা মধুর নয়।

জিকো ক্যাম্পে ডাক না পেলেও বিশ্বনাথ ঘোষ ইনজুরি কাটিয়ে আবার দলে ফিরেছেন। জাতীয় দলে নির্ভরযোগ্য ডিফেন্ডার তিনি। প্রাথমিক দলে থাকলেও একাদশে জায়গা করে নিতে পারেন কিনা দেখার বিষয়।

ব্রাদার্স ইউনিয়নের ২৩ বছর বয়সী গোলরক্ষক ইসহাক আকন্দই এই স্কোয়াডে একমাত্র নতুন মুখ। গত বছরের নভেম্বরে ঢাকায় ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত ২৩ সদস্যের দলে থাকা পাঁচ ফুটবলারকে এবার ক্যাম্প থেকে বাদ দিয়েছেন প্রধান কোচ হাভিয়ের কাবরেরা।নিষেধাজ্ঞার কারণে উইঙ্গার রাকিবুল হাসান ও ডিফেন্ডার তপু বর্মণের জায়গা হয়নি। এছাড়া ইংল্যান্ডপ্রবাসী ফরোয়ার্ড কিউবা মিচেল এবং ডিফেন্ডার তাজ উদ্দিনও বাদ পড়েছেন। লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীকেও প্রাথমিক ক্যাম্পে রাখা হয়নি। তবে তিনি ২২ মার্চ ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, মনজুরুর রহমান মানিক ও ইসা ফয়সাল। তরুণ স্ট্রাইকার মিরাজুল ইসলাম, অভিজ্ঞ রফিকুল ইসলাম ও সুমন রেজাও আবার দলে ফিরেছেন। ভারতের বিপক্ষে নিষেধাজ্ঞার কারণে না থাকা ফাহামিদুল ইসলামও এবার স্কোয়াডে আছেন।

উল্লেখ্য বাংলাদেশ দল সিঙ্গাপুরে যাওয়ার আগে ভিয়েতনামে একটি প্রীতি ম্যাচ খেলবে ২৬ মার্চ। সেই ম্যাচ খেলার জন্য ২১ মার্চ ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ দলের। হামজা চৌধুরী ২২ মার্চ সরাসরি ভিয়েতনাম পৌঁছাবেন। এরপর ৩১ মার্চ সিঙ্গাপুরের মাঠে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা। ক্যাম্পে যোগ দিতে খেলোয়াড়দের আজ সোমবার ঢাকার একটি হোটেলে টিম ম্যানেজারের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

২৮ জনের প্রাথমিক স্কোয়াড:‎ গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান, ইসহাক আকন্দ। ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মনজুরুর রহমান মানিক, ইসা ফয়সাল। মিডফিল্ডার: কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম। ফরোয়ার্ড: আরমান ফয়সাল, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, সুমন রেজা।