সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের প্রথমার্ধে কোন গোল করতে পারেনি ভারত-বাংলাদেশ কোনো দল। প্রথমার্ধের লড়াইয়ে সমান-সমান ছিল দু-দল। ম্যাচে গোলের সুযোগ ছিল দু-দলের সামনে। তবে সেটা কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারেনি কোনো দল। ফলে প্রথমার্ধে ফাইনাল ম্যাচটি ছিল গোল শূন্য। গতকাল শুরুর একাদশে ছিলেন না আমেরিকান প্রবাসী ফুটবলার ডেকলান সুলিভান। অবশ্য শুরুর একাদশে ছিলেন তার ভাই রোনান সুলিভান। ডেকলান গত ম্যাচে শেষ মিনিট দশেক সুযোগ পেয়ে বেশ মুন্সিয়ানা দেখিয়েছেন। এরপর সমর্থকরা তাকে শুরুতে খেলানোর দাবি করেছিল। তবে বাংলাদেশের কোচিং স্টাফ ফাইনালে ডেকলান ও আরেক প্রবাসী ইব্রাহিমকে শুরুর একাদশের বাইরে রেখেছে। ডেকলান সুযোগ সেভাবে না পেলেও তার ভাই রোনান দুর্বার। প্রতি ম্যাচেই খেলেছেন। উদ্বোধনী ম্যাচে তার জোড়া গোলেই পাকিস্তানকে হারায় বাংলাদেশ। পরের ম্যাচে ভারতের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করা ম্যাচেও রিয়াদকে অ্যাসিস্ট করেন। গতকাল ফাইনাল ম্যাচে একটি পরিবর্তন নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামছে লাল বাংলাদেশ। সানিদাসের পরিবর্তে সুযোগ পেয়েছেন আব্দুল রিয়াদ ফাহিম। গ্রুপ পর্বে দুই দলের লড়াই ছিল উত্তেজনাপূর্ণ। ১-১ গোলে শেষ হওয়া সেই ম্যাচে মাঠের পাশাপাশি ডাগআউটেও উত্তাপ ছড়িয়েছিল। দুই দলের কোচিং স্টাফের একজন করে লালকার্ড দেখেন। সেই উত্তেজনার রেশ নিয়েই এবার ফাইনালের মঞ্চে নামে দুই দল। তবে ফাইনালে ওঠার পথে বাংলাদেশ নেপালকে ১-০ গোলে হারায়। অন্যদিকে ভারত ভুটানকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে জায়গা করে নিয়েছে শিরোপা নির্ধারণী ম্যাচে।

বাংলাদেশ একাদশ : ইসমাইল হোসেন মাহিন (গোলরক্ষক), মিঠু চৌধুরী (অধিনায়ক), কামাল মৃধা, চন্দন রায়, মোহাম্মদ মানিক, নাজমুল হুদা ফয়সাল, মুরশেদ আলী, রোনান সুলিভান, শেখ সংগ্রাম, আব্দুল রিয়াদ ফাহিম ও ইউসুফ আলী।