এএফসি নারী এশিয়ান কাপ ফুটবলে অংশ নিতে বাংলাদেশ নারী ফুটবল দল অস্ট্রেলিয়া পৌঁছেছে। বৃহস্পতিবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে লম্বা ভ্রমণ শেষে শুক্রবার রাতে অস্ট্রেলিয়া পৌঁছায় আফঈদা-ঋতুপর্ণারা। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে নতুন এক সোনালি অধ্যায়ের সূচনা করে প্রথমবারের মতো এশিয়ার সর্বোচ্চ মঞ্চে লড়াই করতে গেল বাংলাদেশ নারী ফুটবল দল। অভিজ্ঞতা ও অর্জনে বাংলাদেশের সঙ্গে চীন, কোরিয়া ও উজবেকিস্তানের পার্থক্যটা যোজন যোজন। তবুও ভালো খেলার প্রত্যয় নিয়ে শিষ্যদের নিয়ে অস্ট্রেলিয়া পৌঁছেছেন কোচ পিটার বাটলার। বিমানে দীর্ঘ ভ্রমণের ধকল থাকলেও বিশ্রামের সুযোগ ছিল সামান্যই। সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে পৌঁছানোর মাত্র সাত ঘণ্টা পরই কোচ পিটার বাটলার দলবল নিয়ে নেমে পড়েন অনুশীলনে। সিডনির সকালের রোদে নিজেদের ঝালিয়ে নিতে সকাল আটটাতেই মাঠের অনুশীলনে নেমে পড়েন আফঈদা-ঋতুপর্ণারা। মাঠের অনুশীলনের পর বিকেলের সেশনে জিম করে সময় কাটিয়েছেন তাঁরা। বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ খেলোয়াড়দের শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে ইতিবাচক খবর দিয়েছেন। তাঁর কথায়, ‘দীর্ঘ ভ্রমণের ক্লান্তি খেলোয়াড়দের মধ্যে থাকলেও ইনজুরি নিয়ে কোনো শঙ্কা নেই। সবাই পুরো ফিট আছে। আমরা এখন মূলত এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে কাজ করছি। প্রথম দিনের ট্রেনিং সেশনটা বেশ ফলপ্রসূ হয়েছে।’ সিডনির বর্তমান আবহাওয়া ঢাকার অনেকটা কাছাকাছি। ঢাকায় ৩০ ডিগ্রির আশপাশে, সিডনিতে ২৩ ডিগ্রির আশপাশে। সকাল ও দুপুরে বেশ গরম সেখানে। এই আবহাওয়া বাংলাদেশের মেয়েদের জন্য সমস্যা হবে না বলেই মনে করছেন কোচিং স্টাফ। ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কের সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে গোলকিপার কোচ আরও যোগ করেন, ‘একটি পরিপূর্ণ পেশাদার ফুটবল দলের জন্য যা যা সুযোগ-সুবিধা দরকার, তার সবই এখানে রয়েছে। কোচ পিটার বাটলারের নির্দেশনা অনুযায়ী খেলোয়াড়েরা নিজেদের মানিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করছে।’ এশিয়ান কাপের মূল লড়াইয়ে নামার আগে নিজেদের পরখ করে নিতে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ দল। ২৫ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন স্পোর্টস ক্লাবে ¯’ানীয় একটি ক্লাবের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচটি হবে নিজেদের কৌশল ঝালিয়ে নেওয়ার বড় সুযোগ।ভ্যালেন্টাইন স্পোর্টস পার্ক থেকে ২৭ ফেব্রুয়ারি এএফসির নির্ধারিত অফিশিয়াল টিম হোটেলে উঠবে বাংলাদেশ দল। এদিকে আগামী ১ মার্চ অস্ট্রেলিয়ায় শুরু হবে এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ আসর।

৩ মার্চ প্রতিযোগিতার ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বে যাত্রা শুরু করবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ এশিয়ান কাপের তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে সিডনিতে এবং উজবেকিস্তানের বিপক্ষে পার্থে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে এবং সেখানকার স্থানীয় একটি দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে প্রস্তুতি সেরে নিতে একটু আগেভাগেই অস্ট্রেলিয়া গিয়েছে বাংলাদেশ দল।