প্রীতি ম্যাচে সার্বিয়াকে ৩-০ গোলে পরাজিত করেছে স্পেন। শুক্রবার রাতের এই ম্যাচে জোড়া গোল করেন স্ট্রাইকার মিকেল ওইয়ারজাবাল। আর বদলি হিসেবে নেমে অভিষেক ম্যাচেই গোল পান ভিক্টর মুনোজ। অন্যদিকে, ফেদে ভালভের্দের শেষ মুহূর্তের পেনাল্টি গোলে ইংল্যান্ডের বিপক্ষে ড্র করেছে উরুগুয়ে। কাতারে আর্জেন্টিনার বিপক্ষে ফিনালিসিমা খেলার পরিকল্পনা ভেস্তে যাওয়ায় স্পেন সার্বিয়ার বিপক্ষে এই ম্যাচ খেলে। ম্যাচের ১৬তম মিনিটে দারুণ দলীয় আক্রমণ থেকে নিখুঁত শটে গোল করে দলকে এগিয়ে দেন ওইয়ারজাবাল। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে, ৪৪তম মিনিটে বক্সের বাইরে থেকে অসাধারণ শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। পুরো ম্যাচে আধিপত্য ধরে রাখলেও তৃতীয় গোলের জন্য স্পেনকে অপেক্ষা করতে হয় ৭২তম মিনিট পর্যন্ত। এ সময় ফেররান তোরেসের চমৎকার ব্যাক-হিল পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান মুন্নোজ। আসন্ন বিশ্বকাপে স্পেন গ্রুপ ‘এইচ’-এ খেলবে। যেখানে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে। ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে স্পেনের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এর আগে স্পেন আগামী সপ্তাহে মিসরের বিপক্ষে খেলবে। এছাড়া বিশ্বকাপের প্রস্তুতির শেষ ম্যাচে তারা পেরুর মুখোমুখি হবে। অন্যদিকে, ওয়েম্বলিতে প্রথমে ইংল্যান্ডকে এগিয়ে নিয়েছিলেন ডিফেন্ডার বেন হোয়াইট। তবে ম্যাচের শেষদিকে তার ফাউল থেকেই পেনাল্টি পেয়ে উরুগুয়ের হার এড়ান ভালভের্দে। ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। টমাস টুখেলের ইংল্যান্ড আগামী মঙ্গলবার জাপানের বিপক্ষে খেলবে। একই দিন আলজেরিয়ার মুখোমুখি হবে মার্সেলো বিয়েলসার উরুগুয়ে।