দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের নতুন পরিচালনা পর্ষদের অভিষেক ও সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে মতিঝিলস্থ ক্লাব প্যাভিলিয়নে মঙ্গলবার বসেছিল তারকাদের মিলনমেলা। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্রীড়াঙ্গনে এখন সবচেয়ে বেশি প্রয়োজন অরাজনৈতিক ঐক্য ও স্বচ্ছতা। ‘আমরা একটি অন্ধকার সময় পেরিয়ে নতুন আলো দেখছি। এখন সময় এসেছে ক্রীড়াঙ্গনকে নতুন করে সাজানোর।’ ক্লাবের স্থায়ী সদস্য, সাবেক এই ক্রীড়া সংগঠক স্মৃতিচারণ করে জানান, খেলাধুলার পরিবেশে এলেই তিনি নিজের ঘরে ফেরার অনুভূতি পান। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ক্রীড়াবিদদের জন্য ‘ক্রীড়া ভাতা’ ও ক্রীড়া কার্ড চালু করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান ফখরুল। তিনি বলেন, ‘চেয়ারম্যান মহোদয় দেশে ফেরার আগেই ক্রীড়াঙ্গন নিয়ে তার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। এই উদ্যোগ বর্তমান ও ভবিষ্যৎ খেলোয়াড়দের জন্য বড় অনুপ্রেরণা হবে।’ মোহামেডানের ঐতিহ্য তুলে ধরে তিনি বলেছেন, ‘মোহামেডান শুধু একটি ক্লাব নয়, এটি বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।’ তিনি অতীতের মোহামেডান-আবাহনী ম্যাচের সেই দর্শক উন্মাদনা আবারও ফিরে পাওয়ার আশা ব্যক্ত করেন। মন্ত্রী বলেছেন, দেশের তরুণ ক্রীড়া নেতৃত্ব অত্যন্ত সম্ভাবনাময় এবং তাদের নেতৃত্বে ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাবে। নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃত্বে মোহামেডান স্পোর্টিং ক্লাব ভবিষ্যতে আরও সফলতা অর্জন করবে বলে আশা ব্যক্ত করেন। বিএনপি মহাসচিব বলেছেন, দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া ক্লাবগুলো দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রায় শতবর্ষের ঐতিহ্যবাহী এসব ক্লাব ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি বলেছেন খেলাধুলার জগৎ একটি আলাদা জগৎ, যেখানে সম্পৃক্ত হলে আত্মিক প্রশান্তি অনুভূত হয়। এসময় জানান, ছোটবেলা থেকেই তিনি খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন এবং বিশেষ করে ক্রিকেটের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল বেশি। একসময় তিনি ক্রিকেট বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনে মেধা ও দক্ষতার ভিত্তিতেই খেলোয়াড়দের মূল্যায়ন নিশ্চিত করতে হবে, কোনো রাজনৈতিক পরিচয় বা বিভাজনের ভিত্তিতে নয়। ক্রীড়া ক্ষেত্রে বৈষম্যের সমালোচনা করে রিজভী বলেছেন, গত ১৬-১৭ বছরে খেলোয়াড়দের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পাওয়ায় অনেক প্রতিভাবান ক্রীড়াবিদ বঞ্চিত হয়েছেন। তিনি বলেছেন, একজন খেলোয়াড়ের মূল্যায়ন হওয়া উচিত তার দক্ষতা ও অর্জনের ভিত্তিতে। তিনি কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে বা তার পারিবারিক পরিচয় কী- এসব বিবেচনায় এনে তাকে মূল্যায়ন করা উচিত নয়। রুহুল কবির রিজভী আরও বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ক্রীড়া, সংস্কৃতি বা অন্যান্য ক্ষেত্রে দলীয় বিবেচনার পরিবর্তে যোগ্যতাকে প্রাধান্য দেয়ার একটি ধারা তৈরি করেছেন। তার নেতৃত্বে সব ক্ষেত্রে মেধা ও দক্ষতার মূল্যায়ন নিশ্চিত করার প্রচেষ্টা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং মোহামেডানের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, ‘মোহামেডানের অবদান অনস্বীকার্য। তবে আমরা আবাহনীসহ দেশের সব ক্লাবকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে চাই।’ ব্যতিক্রমী এই আয়োজনে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুও উপস্থিত ছিলেন। দিনটিকে ‘ঈদের আনন্দের’ সঙ্গে তুলনা করে তিনি একে একটি সুন্দর মিলনমেলা হিসেবে উল্লেখ করেছেন। দীর্ঘদিনের শিরোপা খরা কাটিয়ে মোহামেডানকে আবারও শীর্ষে ফেরাতে নতুন পরিচালনা পর্ষদকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানের অতিথিরা। ক্লাবটির নবনির্বাচিত সভাপতি বরকত উল্লাহ বুলুর (এমপি) সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এবং আবাহনী ক্লাবের সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু।