এশিয়া কাপ আর্চারিতে সোনালি স্বপ্ন ছোঁয়ার অপেক্ষায় বাংলাদেশের তীরন্দাজরা। ইতিমধ্যেই রৌপ্যপদক জয় নিশ্চিত করেছে কম্পাউন্ড পুরুষ দল। গতকাল বুধবার থাইল্যান্ডের ব্যাংককে চলমান টুর্নামেন্টে বাংলাদেশের তীরন্দাজদের জন্য দিনটি ছিল রোমাঞ্চ ও আক্ষেপের এক অদ্ভুত মিশ্রণ। একদিকে যখন তীরে এসে তরী ডোবার হতাশায় পুড়েছে নারী দল ও রিকার্ভ দল, ঠিক তখনই দেশকে দারুণ এক সুখবর দিয়েছে কম্পাউন্ড পুরুষ দল। সেমিফাইনালে ভুটানের বাঁধা পেরিয়ে ইভেন্টের ফাইনালে উঠে অন্তত রৌপ্য পদক নিশ্চিত করেছেন হিমু বাছাড়রা। এবার তাদের সামনে কেবলই সোনালি স্বপ্ন ছোঁয়ার অপেক্ষা।এর আগে মালয়েশিয়াকে বিদায় করে সেমিফাইনালে পা রেখেছিল হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদকে নিয়ে গড়া বাংলাদেশ কম্পাউন্ড দল। শেষ চারের লড়াইয়ে স্নায়ুচাপ ধরে রেখে ভুটানের বিপক্ষে ২৩২-২২৮ পয়েন্টের দারুণ জয়ে ফাইনালের টিকিট কাটেন লাল-সবুজের প্রতিনিধিরা। শিরোপার চূড়ান্ত লড়াইয়ে তাদের লড়তে হবে ভিয়েতনামের বিপক্ষে।
ইতিহাস বলছে, এমন সাফল্যের দোরগোড়ায় বাংলাদেশ আগেও পৌঁছেছিল।২০২১ সালে চীনের গুয়াংজুতে এশিয়া কাপের প্রথম লেগে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে সেবার দক্ষিণ কোরিয়ার শক্তিশালী দলের কাছে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এবার ভিয়েতনাম-বাঁধা পেরোতে পারলে নিশ্চিতভাবেই আসবে আরাধ্য সেই স্বর্ণপদক। পুরুষদের এমন অভাবনীয় সাফল্যের দিনে হতাশা সঙ্গী হয়েছে নারী আর্চারদের।শেষ চারে ওঠার লড়াইয়ে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে হৃদয় ভেঙ্গেছে বন্যা, ঝুমা ও কুলসুম আক্তারদের। থাই মেয়েদের ২৩০ স্কোরের বিপরীতে বাংলাদেশ থামে ২২৯-এ।
অন্যদিকে, রিকার্ভ ইভেন্টেও উড়ন্ত সূচনার পর বাংলাদেশকে হতাশ হতে হয়েছে। আবদুর রহমান আলিফ, রাকিব মিয়া ও রামকৃষ্ণ সাহার দল শক্তিশালী ভিয়েতনামকে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। কিন্তু সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কাজাখস্তানের কাছে ৬-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশের রিকার্ভ দল।