দেশের কৃতি অ্যাথলেট এবং ‘আয়রনম্যান’ খ্যাত ট্রায়াথলন তারকা ফেরদৌসি আক্তার মারিয়ার অসামান্য অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিল সরকার।গতকাল সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাকে আর্থিক পুরস্কার ও স্থায়ী স্পন্সরশিপ প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।অনুষ্ঠানে মারিয়ার হাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এর পাশাপাশি তার ভবিষ্যৎ ক্রীড়া জীবনের যাবতীয় ব্যয়ভার বহনের জন্য একটি দীর্ঘমেয়াদী স্পন্সরশিপ নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশেই মেধাবী অ্যাথলেটদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী আমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, 'বর্তমান সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মারিয়ার মতো দেশের অন্যান্য প্রতিভাবান খেলোয়াড়দেরও পর্যায়ক্রমে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করা হবে।' তিনি আরও জানান যে, ক্রীড়াঙ্গনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নারী-পুরুষ নির্বিশেষে সমান অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া পরিবেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। মারিয়ার এই সাফল্য দেশের নারীদের খেলাধুলায় অংশগ্রহণে নতুন করে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পুরস্কার ও স্পন্সরশিপ প্রাপ্তির পর প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ফেরদৌসি আক্তার মারিয়া। তিনি বলেন, 'এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে দেশের জন্য আরও বড় সাফল্য বয়ে আনতে সাহায্য করবে।' অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।