ত্রিশাল থেকে এ কে এম কামরুজ্জামান : দেশের ক্রীড়াঙ্গনের অবকাঠামো উন্নয়নে এবং আন্তর্জাতিক মানের অ্যাথলেট তৈরির লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে ‘অলিম্পিক ভিলেজ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (১ ফেব্রুয়ারি) এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এই প্রকল্পটি দেশের ক্রীড়াঙ্গনের অবকাঠামো উন্নয়নে এবং আন্তর্জাতিক মানের অ্যাথলেট তৈরির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ত্রিশালে এই বিশাল প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রায় ১৭৩ একর জমির ওপর নির্মিতব্য এই ‘অলিম্পিক কমপ্লেক্স’ বা ভিলেজটি হবে দেশের অ্যাথলেটদের জন্য আধুনিক প্রশিক্ষণের প্রাণকেন্দ্র।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আমরা চাই তরুণ-তরুণী, ইয়াং জেনারেশন যারা আছে, তাদেরকে বেশি বেশি করে গেম অ্যান্ড স্পোর্টসের সঙ্গে সম্পৃক্ত করতে। এটা চরিত্র গঠনে বিশাল একটা কাজ হবে বলে বিশ্বাস করি। তিনি বলেছেন, আমি জীবনে একজন স্পোর্টসম্যানকে খারাপ কাজে জড়িত হতে দেখিনি। কখনো দেখিনি স্পোর্টসের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা স্পোর্টসম্যান গাঁজা খাচ্ছে, খারাপ কাজ করে বেড়াচ্ছে। এজন্য আমি মনে করি, ইয়াং জেনারেশনের চরিত্র গঠনের জন্য গেমস অ্যান্ড স্পোর্টস খুবই গুরুত্বপূর্ণ।
সেনাপ্রধান বলেছেন, ‘গেমস অ্যান্ড স্পোর্টসে ইয়াং জেনারেশনকে বেশি বেশি করে সম্পৃক্ত করতে চাই। যদি আমরা ফ্যাসিলিটি ডেভেলপ করি, তাহলে অবশ্যই ইয়াং জেনারেশনের প্রচুর আগ্রহ রয়েছে। বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশ নিতে ইয়াং জেনারেশনের আগ্রহের কোনো অভাব নেই।’ তিনি বলেছেন, “জাতীয় পর্যায়ের যত কম্পিটিশন আছে, এখানে (ত্রিশাল) করবো। দেশীয়-আন্তর্জাতিক পর্যায়ের ইভেন্টগুলো এখানে প্রায়োরিটি পাবে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী বা দেশীয় কোনো ক্রীড়াবিদ এখানে প্রাকটিস করতে চাইলে এখানে করতে পারবে। এটি ‘ওপেন ফর অল’।”