বিশ্ব কারাতে ফেডারেশন (ডব্লিউ কেএফ) ইয়ুথ লিগে দুটি ব্রোঞ্জপদক জিতেছেন বাংলাদেশের আদম চৌধুরী। জিম্বাবুয়ের হারারেতে গত ২৬ মার্চ শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে ২৯ মার্চ পর্যন্ত। বাংলাদেশের কারাতেকা আদম চৌধুরী জুনিয়র কাতা এবং উর্ধ্ব-৬১ কেজি কুমিতে দুটি ব্রোঞ্জপদক জিতে নেন।

প্রতিযোগিতায় ৩৭ দেশের ২৭২ জন কারাতেকা অংশ নেন। এর আগে ২০২৪ সালের ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত ১১তম কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের ক্যাডেট কুমিতে স্বর্ণ এবং ক্যাডেট কাতাতে ব্রোঞ্জ জিতে বাংলাদেশের হয়ে ইতিহাস গড়েছিলেন। কারাতে ফেডারেশনের সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন বলেছেন,‘আদম চৌধুরী ডব্লিউ কেএফ পদকজয়ী বাংলাদেশের প্রথম কারাতেকা হিসাবে অনন্য এক মাইলফলক অর্জন করেছেন। কমনওয়েলথ কারাতের পর ডব্লিউকেএফ ইয়ুথ লিগ-আদম চৌধুরীর এই ধারাবাহিক আন্তর্জাতিক সাফল্য দেশের কারাতে অঙ্গণ নতুন সম্ভাবনার দ্বার উম্মোচন করেছে এবং তরুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে আশা করি।’