মহিলা দাবা লিগে ৮২ বছর বয়সী কিংবদন্তি রানী হামিদের নৈপুণ্যে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি দল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসরে ৭ খেলায় ১৩ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে দলটি। সমান ১৩ পয়েন্ট পেলেও গেম পয়েন্টে পিছিয়ে থাকায় রানার্স-আপ হয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
লিগ শেষে বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ নৌবাহিনী— উভয় দলের ম্যাচ পয়েন্ট সমান হওয়ায় গেম পয়েন্টের ওপর ভিত্তি করে স্থান নির্ধারণ করা হয়। এতে ২৪ গেম পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আনসার। অন্যদিকে, ২২ দশমিক ৫ গেম পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় নৌবাহিনীকে। ১০ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশ পুলিশ।
চ্যাম্পিয়ন দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রবীণ মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ। তিনি তার খেলা ম্যাচগুলোতে জয় ও ড্রয়ের মাধ্যমে দলকে শিরোপার পথে এগিয়ে নেন। আনসারের হয়ে লিগে আরও অংশ নেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস, ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী ও ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত শেষ রাউন্ডের খেলায় বাংলাদেশ আনসার ৪-০ গেম পয়েন্টে সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাবকে এবং বাংলাদেশ নৌবাহিনী ৪-০ গেম পয়েন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় মহিলা দলকে পরাজিত করে। অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশ ২.৫-১.৫ গেম পয়েন্টে মানহা’স ক্যাসেলকে হারিয়েছে।
ব্যক্তিগত নৈপুণ্যের ভিত্তিতে বোর্ড পুরস্কার জিতেছেন— ১ম বোর্ড: তনিমা পারভীন (বাংলাদেশ পুলিশ), ২য় বোর্ড: নুশরাত জাহান আলো (বাংলাদেশ আনসার), ৩য় বোর্ড: নোশিন আঞ্জুম (বাংলাদেশ নৌবাহিনী), ৪র্থ বোর্ড: জান্নাতুল ফেরদৌস (বাংলাদেশ আনসার), অতিরিক্ত-১: কাজী জারিন তাসনিম (বাংলাদেশ নৌবাহিনী), অতিরিক্ত-২: ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা (বাংলাদেশ আনসার)।