অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জিতে টানা চতুর্থবারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছেন সাবালেঙ্কা। তৃতীয় শিরোপা হাতছানি দিচ্ছে তাকে। পুরো টুর্নামেন্টেই এখন পর্যন্ত একটি সেটও হারেননি বিশ্বের এক নম্বর এই তারকা। সেমিফাইনালে শুরুটা অবশ্য খুব স্বস্তির ছিল না সাবালেঙ্কার। দুই সেটেই কিছুটা নড়বড়ে ছিলেন তিনি। তবে একবার ছন্দ পেয়ে গেলে আর পেছনে তাকাতে হয়নি। দাপুটে পারফরম্যান্সে ৬-২, ৬-৩ গেমে জয় তুলে নেন বেলারুশিয়ান এই টেনিস তারকা। এই জয়ের ফলে গত চার বছরে তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলেন সাবালেঙ্কা। ফাইনালে তার প্রতিপক্ষ হবেন আরেক সেমিফাইনালে মুখোমুখি হওয়া ষষ্ঠ বাছাই জেসিকা পেগুলা ও পঞ্চম বাছাই এলেনা রাইবাকিনার মধ্যকার ম্যাচের বিজয়ী। চলতি অস্ট্রেলিয়ান ওপেনে এবার একটি বিরল ঘটনাও ঘটেছে। সেমিফাইনালে ওঠা চার খেলোয়াড়ই এখন পর্যন্ত কোনো সেট না হারিয়ে শেষ চারে পৌঁছেছেন। অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাসে ৫৬ বছর পর এমন ঘটনা ঘটল। সাবালেঙ্কা ও তার সেমিফাইনালের প্রতিপক্ষ এলিনা স্বিতোলিনা দুজনেই এই ম্যাচে এসেছিলেন টানা ১০ ম্যাচ জয়ের ধারায়। অস্ট্রেলিয়ান ওপেনের আগে দুজনই প্রস্তুতি টুর্নামেন্টে শিরোপা জিতেছিলেন। এই জয়ে সাবালেঙ্কা নাম লেখালেন এক বিশেষ কীর্তিতে। আধুনিক গ্র্যান্ড স্লাম যুগে তিনি মাত্র তৃতীয় নারী খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনে টানা চারটি একক ফাইনালে ওঠার নজির গড়লেন। এর আগে এই কীর্তি গড়েছিলেন ইভন গুলাগং ও মার্টিনা হিঙ্গিস।

ম্যাচ শেষে কোর্টে দেয়া সাক্ষাৎকারে সাবালেঙ্কা বলেন, ‘এটা অবশ্যই দারুণ একটি অর্জন। তবে কাজ এখনো শেষ হয়নি।’ নিজের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্টির কথা জানান তিনি। বলেন, ‘স্বিতোলিনা দারুণ খেলছিল। তাই আমাকে আগ্রাসী হয়ে খেলতে হয়েছে এবং চাপ ফিরিয়ে দিতে হয়েছে। নিজের খেলাটা ধরে রাখতে পেরেছি বলেই খুশি।’ এখন দেখার বিষয়, ফাইনালে মানসিক দৃঢ়তা ধরে রেখে সাবালেঙ্কা পারেন কি না অস্ট্রেলিয়ান ওপেনে নিজের শিরোপা সংগ্রহে আরেকটি ট্রফি যোগ করতে।