স্বাধীনতা পুরস্কার ২০২৬ পাচ্ছেন টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লিনু। এবার ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে একমাত্র তিনিই এই পুরস্কারে ভূষিত হচ্ছেন। মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং পাঁচটি প্রতিষ্ঠানও এই পুরস্কার পাচ্ছে। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। জোবেরা রহমান লিনু সত্তর দশক থেকে বাংলাদেশের টেবিল টেনিসে যুক্ত। তিনি একটানা ১৬ বার জাতীয় নারী চ্যাম্পিয়ন হয়েছেন। এজন্য বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে গিনেস বুকে নাম লিখিয়েছিলেন।

খেলা ছাড়ার পর টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক, সাইক্লিং ফেডারেশনের সহ-সভাপতি, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের বিভিন্ন কমিটিতে কাজ করেছেন। স্ব^াধীনতা পদক দেশের সর্বোচ্চ বেসামরিক স্বীকৃতি। আশি-নব্বইয়ের দশকে ক্রীড়াঙ্গনে অবদানের জন্য নিয়াজ মোর্শেদ, সাঁতারু মোশাররফ, ফুটবলার কাজী সালাউদ্দিন, জাকারিয়া পিন্টুসহ আরো অনেকে পেয়েছেন। প্রায় দুই দশক বন্ধ থাকার বছর তিনেক আগে সাবেক ক্রিকেটার রকিবুল হাসান এই পদক পান। এরপর সাবেক দ্রুততম মানবী ফিরোজা খাতুন এই পুরস্কার পান।

গত বছর ক্রীড়াঙ্গনের কেউ পায়নি এই স্বীকৃতি৷ এক বছর পর এবার পেলেন লিনু। ফিরোজা, লিনু তাদের অগ্রজ সুফিয়া খাতুন, রাণী হামিদ, কামরুন নাহার ডানারা অবশ্য এখনো এই পুরস্কার পাননি। জোবেরা রহমান লিনু ব্যক্তিগত সফরে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ভ্রমণ করছেন। লিনু সিডনি, মেলবোর্ন, পার্থ ঘুরে এখন নিউজিল্যান্ড। সুখবর পেয়েছেন লিনু, 'আমি সত্যিই স্বাধীনতা পদক পেয়েছি! আমি এখন নিউজিল্যান্ডে, আনুষ্ঠানিকভাবে শুনিনি।'