প্রধানমন্ত্রী তারেক রহমানের আরও দুজন বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে এস এম জিয়াউদ্দিন হায়দারকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া মো. সাইমুম পারভেজকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী করা হয়েছে।

গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস অনুযায়ী, জিয়াউদ্দিন হায়দারকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ ও দায়িত্ব অর্পণ করেছেন। অন্যদিকে সাইমুম পারভেজকে এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে ২ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের চার বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দুজন আর একজন সচিব ও আরেকজন গ্রেড-২ পদমর্যাদায় নিয়োগ পান।তখন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া দুজনের মধ্যে সাবেক আমলা বিজন কান্তি সরকারকে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠীবিষয়ক এবং তানভীর গনিকে বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী করা হয়।

এ ছাড়া মো. শাকিরুল ইসলাম খানকে সচিব পদমর্যাদায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক এবং মো. সাইয়েদ বিন আবদুল্লাহকে গ্রেড-২ পদমর্যাদা দিয়ে যুব কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা শপথ নেয়। এরপর একাধিকবার মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর পুনর্বণ্টন করা হয়।

সব মিলিয়ে এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যসংখ্যা ৪৯। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৫ জন আর প্রতিমন্ত্রী ২৩ জন। মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা ছিলেন। এর বাইরে তিনজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হলেন।