যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টির নৃশংস হত্যার ঘটনা তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে বলে প্রত্যাশা করছে বাংলাদেশ। আমরা দাবি করব, বাংলাদেশ থেকে এবং মন্ত্রণালয় থেকে যাতে যুক্তরাষ্ট্র এই ইনভেস্টিগেশনটা ভালোমতো করে, দ্রুততার সঙ্গে করে এবং যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে, সেটা বের করে যেন তাদের বিচারের আওতায় আনা হয়।
গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এটা খুবই দুঃখজনক। ফ্লোরিডাতে একটি ছেলে, একটি মেয়ে নিহত হয়েছে নৃংশসভাবে। ছেলেটির লাশ পাওয়া গেছে, মেয়েটির দেহ এখনও পাওয়া যায়নি। যেটা আমরা শুনেছি আমাদের মন্ত্রণালয়, আমাদের ওয়াশিংটন ডিসির মিশন, বাংলাদেশ দূতাবাস স্টেট ডিপার্টমেন্ট, এফবিআই থেকে শুরু করে সংশ্লিষ্ট সব এজেন্সির সঙ্গে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। আমি ব্যক্তিগতভাবে দুজনের অভিভাবকের সঙ্গে কথা বলেছি। হত্যার শিকার মেয়েটির ভাইয়ের সঙ্গে আমি কথা বলেছি এবং লিমনের বাবার সঙ্গে কথা বলেছি। আমাদের পক্ষ থেকে সব সহযোগিতা করব।
তিনি বলেন, দুই পরিবারের সঙ্গে আমি কথা বলেছি। আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। ছেলেটির লাশ ফিরিয়ে আনার ব্যাপারে তার যে অটোপসি করতে হবে, লিগ্যাল কাজগুলো হবে; আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যাবাসন করব। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এটাতে সহযোগিতা করছে, অন্যটার জন্য (বৃষ্টি) আমাদের সহযোগিতা করতে হবে। যুক্তরাষ্ট্রের সব স্টেক হোল্ডারের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র যেন এটার তদন্ত করে এবং যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে তাদের বিচারের আওতায় আনা হয়।
বাংলাদেশী জাহাজ জয়যাত্রাসহ অন্য আরেকটি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়া প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, আমরা আশা করছি যে, হরমুজে আমাদের জয়যাত্রাসহ যেসব জাহাজ আসছে সেগুলো নিরাপত্তার সঙ্গে আসবে। আমরা যতদূর জানি আসছে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশী দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। এ ঘটনার ১০ দিন পর ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়। এর একদিন পর ২৫ এপ্রিল বৃষ্টির ভাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তার বোনের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেন।