আলোচিত বিচারক মাসদার হোসেনের আইনজীবী সনদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বুধবার বার কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ এপ্রিল একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন বার কাউন্সিলের গোচরীভূত হয়। ওই প্রতিবেদনে উল্লেখ রয়েছে যে আইনজীবী মাসদার হোসেন তার মক্কেলের কাছ থেকে সোয়া কোটি টাকা আত্মসাৎ করেছেন।
ওই সংবাদমতে আইনজীবী মাসদার হোসেন বিষয়টি স্বীকার করে নিয়েছেন। অভিযোগের প্রাথমিক সত্যতা ও পেশাগত নৈতিকতার প্রশ্ন বিবেচনায় নিয়ে বার কাউন্সিল ১৫ এপ্রিলের সভায় সবার সম্মতিতে এ বিষয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রাথমিক উপাদান থাকায় সাময়িকভাবে তার সনদ স্থগিত করে তার সনদ কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না মর্মে আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেই অবধি তার সনদ সাময়িকভাবে স্থগিত থাকবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।