সাতক্ষীরায় যোগ দিয়েই কঠোর অবস্থানের বার্তা দিলেন নবাগত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। তিনি বলেন, নাগরিকদের আস্থা, নির্বিঘ্ন, নিরাপদ, আরামদায়ক ও স্বস্তিতে ঈদ উদযাপন করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সাতক্ষীরার পুলিশ। সাদা পোশাকে মাঠে থাকবে বিশেষ বাহিনীর সদস্যরা। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, “অপরাধীর কোনো পরিচয় নেই। পুলিশ বিভাগের কেউ অপরাধে জড়ালেও পোশাক দেখে নয়, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।”
শনিবার (১৬ মে) সকাল ১০টায় সাতক্ষীরা পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করা হয়। সভায় চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও সামাজিক বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশের ভুমিকা তুলে ধরা হয়। জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করাই হবে পুলিশের প্রধান অগ্রাধিকার বলে আশ্বস্থ করেন পুলিশ সুপার।
তিনি আরও বলেন, “সমাজে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে না পারে, কোনো চাঁদাবাজ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেটি নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চভাবে কাজ করবে।” তরুণ ও শিশুদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তারা যদি বিপথে যায়, সেটি শুধু পরিবারের নয়, পুরো সমাজের জন হবে অশনিসংকেত।” তিনি বলেন, আমিও সাতক্ষীরার মানুষ। এখানে যতদিন দায়িত্বে থাকবো, ততদিন এই জেলার মানুষের নিরাপত্তা ও শান্তির জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।”
তিনি বলেন, এবারের ঈদ যাত্রা নিরাপদ ও নিশ্চিন্ত করতে সাতক্ষীরা পুলিশের পক্ষ থেকে বিশেষ টিম কাম করা শুরু করেছে।
সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, ডিআই-১ আব্দুল আলিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ্বাস, অর্থ সম্পাদক মো. জিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান, দৈনিক সাতক্ষীরার সকাল-এর নির্বাহী সম্পাদক মো. আমিরুজ্জামান বাবু, সাংবাদিক কালিদাস রায়, আনন্দ টিভির জেলা প্রতিনিধি হাসানুর রহমান। এসময় অন্যানের মধ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত শতাধীক সাংবাদিক উপস্থিত ছিলেন।