রংপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে রংপুর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় দেন। পলাশ রংপুর নগরীর বাহার কাছনা তেলীপাড়ার জাহিদুল ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় আসামি পলাশ আদালতে উপস্থিত ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাদী বেলাল। তিনি বলেন, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন সাহেবগঞ্জ এলাকায় পলাশ নামের এক মাদকসেবীকে গাঁজাসহ আটক করে। এ সময় পলাশ তার কাছে থাকা চাকু দিয়ে এএসআই পিয়ারুলের বুকে আঘাত করে। এতে পিয়ারুল গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। পরে আসামি পারভেজ রহমান পলাশকে গ্রেপ্তার করা হয়।

মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণসহ উভয়পক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক শেষে গতকাল সোমবার দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন আসামি পারভেজ রহমান পলাশের মৃত্যুদ-সহ ১০ হাজার টাকা অর্থদ-ের রায় দেন।

এ ছাড়া, আরও দুটি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ৫ বছরের সশ্রম কারাদ- প্রদান করেন আদালত।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি আব্দুল হাদী বেলাল বলেন, পুলিশ হত্যা মামলায় আসামির মৃত্যুদ- দেওয়া হয়েছে। ন্যায়বিচার পাওয়ায় নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছেন।

আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেন, এ রায়ে আসামিপক্ষ সন্তুষ্ট নয়। ন্যায়বিচার পেতে তারা উচ্চ আদালতে যাবেন।