স্টাফ রিপোর্টার, গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চালক পাঁচজন আরোহী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। এ সময় কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে।
সংঘর্ষের পর ঘটনাস্থলেই সিএনজিতে থাকা দুজন নিহত হন। আহত তিনজনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। এতে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় চারজনে। বর্তমানে আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের মধ্যে কালিয়াকৈর উপজেলার বংখুরী এলাকার প্রবাসী হাসেম মিয়ার ছেলে আশাদুল ইসলাম ও তার মায়ের পরিচয় প্রাথমিকভাবে জানা গেছে। নিহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। ঈদের বয়স ৪৫ থেকে পঞ্চাশের মধ্যে।আহতদের হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা গেছেন। এ ঘটনায় মোট চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ওসি আরও বলেন, দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।