নাটোরের নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু মো. নুহাদ উপজেলার পিপরুলের পাটুল পূর্বপাড়া গ্রামের মো. জাকির বাগের ছোট ছেলে। রাতে বিষধর কালাচ সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। মাত্র পাঁচ বছর বয়সী শিশুটির মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
শুক্রবার (১৩ আগস্ট) ভোর আনুমানিক ৪টার দিকে নলডাঙ্গা উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের পাটুল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে নুহাদ ঘুমিয়ে থাকা অবস্থায় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে তার মা-বাবা ঘুম থেকে উঠে ঘরের জানালার পাশে সাপটি দেখতে পান এবং সেটিকে মেরে ফেলেন। কিছুক্ষণ পর শিশুটির শরীরে ঝিনঝিন অনুভূতি ও অসুস্থতার লক্ষণ দেখা দিলে পরিবারের সদস্যরা বুঝতে পারেন তাকে সাপে কামড় দিয়েছে।
পরে দ্রুত নুহাদকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। যে সাপটি শিশুটিকে কামড় দিয়েছে, সেটি কী প্রজাতির তা নিশ্চিতভাবে জানা যায়নি।
পিপরুল ইউনিয়নের চেয়ারম্যান কলিমউদ্দিন সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শিশুটির পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।