দিনাজপুর সদর উপজেলার উথরাইল মাঝাপাড়া গ্রামের বাসিন্দা, গহনগাছি কেরামতিয়া ফাজিল মাদরাসা ও বিরামপুর উপজেলাধীন বিজুল দারুল হুদা সিনিয়র মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্ত্রী অধ্যাপক মেহেরুন নেসা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় মজলিসে শূরার সাবেক সদস্য, দিনাজপুর জেলার সাবেক সেক্রেটারি ও রংপুর-দিনাজপুর অঞ্চলের বর্তমান টিম সদস্য। অধ্যক্ষ মাওলানা আবদুল আজিজ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার সাবেক বাইতুলমাল সেক্রেটারি ও দীর্ঘদিন সদর উপজেলা আমীর ছিলেন। আমৃত্যু তিনি জেলা ইউনিটের রুকন ছিলেন।
১৪ আগস্ট ২৬ শুক্রবার ভোর ৪টায় দিনাজপুর শহরের উপশহরের নিজ বাসভবনে ইন্তিকাল করেন। শুক্রবার বাদ জুমা ৭ নম্বর উপশহর মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের লাশ তাঁর নিজ গ্রাম সদর উপজেলার উথরাইল মাঝাপাড়া গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সালাতুল জানাজায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ও ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম। জানাজাপূর্ব সমাবেশে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখেন মরহুমের বড় পুত্র তিতুমীর, দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর ও অঞ্চল টিম সদস্য মো. আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, জামায়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান (দিনাজপুর সদর) মাওলানা মুজিবুর রহমান, দিনাজপুর-৩ সদর আসনের জননেতা অ্যাড. মাইনুল আলম, দিনাজপুর শহর জামায়াতের আমীর মাওলানা সিরাজুস সালেহীন, সেক্রেটারি কামরুল হাসান রাসেল, শহর ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানাসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়াপ্রতিবেশী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ অংশগ্রহণ করেন।
আমিরে জামায়াতের শোক প্রকাশ
অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি ১৪ আগস্ট এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তৌফিক দান করুন।
অন্যান্য নেতৃবৃন্দের শোকবাণী
পৃথক পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজের মৃত্যুতে দিনাজপুরবাসী ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মীকে হারালো। এমন একজন সজ্জন মানুষকে হারিয়ে জামায়াতে ইসলামীর যে ক্ষতি হলো, তা সহজে পূরণ হবার নয়। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ শোকার্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
অপর এক যৌথ শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম, দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, দিনাজপুর শহর জামায়াতের আমীর মাওলানা সিরাজুস সালেহীন, সেক্রেটারি কামরুল হাসান রাসেল, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল আ’লা মাহবুবুর রহমান ভুট্টো, শহর ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা ও সেক্রেটারি কামরুজ্জামান গভীর শোক প্রকাশ করে বলেন, অধ্যক্ষ মাওলানা আবদুল আজিজ ইসলামী শরিয়াহ মোতাবেক জীবনযাপনের চেষ্টা করতেন। তিনি দ্বীন প্রচার ও প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। আমরা তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউসে দাখিল করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে সবরে জামিল দান করুন।