• হাইকমিশনারকে দেখতে হাসপাতালে পরওয়ার

রাজধানীর বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ হয়ে পড়া হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান আশঙ্কামুক্ত বলে জানা গেছে। বৃহস্পতিবার ভোরে তাদের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে ধোঁয়ার সৃষ্টি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে বাসভবনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। অগ্নিকাণ্ডের পর তাদের চিকিৎসার জন্য গুলশানে অবস্থিত কন্টিনেন্টাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ভোর চারটা ৫৬ মিনিটে গুলশান ডিপ্লোমাটিক এলাকায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে গিয়ে দেখতে পায়, রুমে তেমন আগুন নেই তবে ধোয়া ছিল। পরে বালতি ও মগে করে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়। তিনি বলেন, ফায়ার সার্ভিস পূর্ণাঙ্গ চেক করে মেশিন দ্বারা ধোঁয়া বের করে ফেলে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়, বাসার টিভিতে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সৃষ্টি হয়।

জানা যায়, আগুন নিয়ন্ত্রণের সময় এবং পরে পাকিস্তানী হাইকমিশনার ও তার স্ত্রী মোটামুটি সুস্থ ছিলেন। তবে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হওয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়লে সকাল ৯টার দিকে তাদের গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়। প্রথমে, হাইকমিশনারের স্ত্রীকে ক্যাবিনে এবং হাইকমিশনারকে আইসিইউতে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসকরা জানান, ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে হাইকমিশনার ও তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তা বলেন, ফজরের নামাযের সময় বাসভবনে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে সৃষ্ট ধোঁয়ায় আক্রান্ত হওয়ায় হাইকমিশনার ও তার স্ত্রীকে হাসপাতালে নেওয়া হয়। দুজনই বর্তমানে স্থিতিশীল রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা গুরুতর নয়। হাসপাতাল সূত্র জানায়, তারা দু’জনেই বর্তমানে আশঙ্কামুক্ত।

পাকিস্তানের হাইকমিশনারকে দেখতেহাস পাতালে জামায়াত সেক্রেটারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাধীন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কন্টিনেন্টাল (সাবেক ইউনাইটেড) হাসপাতালে গিয়ে তিনি পাকিস্তানের হাইকমিশনারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম পৌঁছে দেন।

জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী আহত হন। বর্তমানে তারা রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন রয়েছেন।

সাক্ষাৎকালে মিয়া গোলাম পরওয়ার হাইকমিশনারের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন। এ সময় চিকিৎসার খোঁজখবর নেওয়ার জন্য জামায়াতে ইসলামীর আমীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পাকিস্তানের হাইকমিশনার।

সাক্ষাৎকালে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের সদস্য জাহিদুর রহমান এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।